দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লা-১ সংসদীয় আসন মেঘনা যাওয়ার প্রাক্কালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড় সংলগ্ন চন্দ্র বান ফিলিং স্টেশনে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আপনাদের সেবা করার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করুন, বিগত সময়ে তিনি গণ রায়ে যেভাবে নির্বাচিত হয়েছেন এবারও তাঁকে জাতীয় সংসদে পাঠানোর জন্য দল মনোনীত করেছে। সে কারণে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষকে বিজয়ী করার জন্য তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। দেশকে ও জনগণকে নিরাপদ রাখতে বিএনপি সরকারের কোনো বিকল্প নেই। পথসভায় তিনি উপস্থিত অসংখ্য নারী পুরুষের কাছে বেগম খালেদা জিয়া ও তার জন্য দোয়া প্রার্থনা করে বলেন, আপনাদের দোয়ার বরকতে আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনারা বেগম খালেদা জিয়া ও আমার জন্য দোয়া করবেন যেন পরিপূর্ণ সুস্থ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারি। মোশাররফ হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুব নেতা মো: কামরুল হাসান।



