এনআরবি ব্যাংক পিএলসি তার গ্রাহক ও কর্মীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়জুর রহমান।
এই চুক্তির আওতায় এনআরবি ব্যাংক পিএলসির সব ডেভিট ও ক্রেডিট কার্ডধারী গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ইউনাইটেড হেলথকেয়ারের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে প্যাথলজিক্যাল পরীক্ষা, রেডিওলজি ও ইমেজিং এবং বেড ও রুম ভাড়ার ওপর ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ঘরে বসে নমুনা সংগ্রহ এবং অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার মতো আধুনিক সুযোগ-সুবিধাও পাওয়া যাবে।
অংশীদারিত্বের ফলে ব্যাংকের গ্রাহক ও কর্মীরা ইন্টারনাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, রিউম্যাটোলজি, ডার্মাটোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, গাইনোকোলজি এবং পেডিয়াট্রিক্সসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকদের কাছ থেকে বিশেষায়িত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা কল সেন্টারের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিটেইল ব্যাংকিং প্রধান মো: তৌফিকুল আলম চৌধুরী, কার্ডস প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স প্রধান মো: শফিকুল হাসান। ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু রায়হান আল বেরুনি, কাস্টমার রিলেশনস ও করপোরেট মার্কেটিং প্রধান তারেক সামি রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



