মানিকগঞ্জে খাল খনন সূচি পরিদর্শন

পাশের দেশের পানি বৈষম্যের কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

Printed Edition
মানিকগঞ্জে খাল খনন কর্মসূচি পরিদর্শনে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব ও বিমানমন্ত্রী আফরোজা খানম :  নয়া দিগন্ত
মানিকগঞ্জে খাল খনন কর্মসূচি পরিদর্শনে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব ও বিমানমন্ত্রী আফরোজা খানম : নয়া দিগন্ত

মানিকগঞ্জ প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, পাশের একটি দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা মরুভূমিতে পরিণত হয়েছে আর আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। এর জন্য তিস্তা মহা পরিকল্পনা ও পদ্মা মহা পরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। ভারতের আন্তর্জাতিক নদী আইন অমান্য করা ও চুক্তি মোতাবেক পানি সরবরাহ না করার দিকে ইঙ্গিত করেই তিনি উপরোক্ত মন্তব্য করেন।

গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জে খাল খনন প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এসময় মানিকগঞ্জ-৩ আসনের এমপি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুর, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার, শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

খাল খননে দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। এই দুর্নীতি এক দিনে পরিষ্কার করা সম্ভব হবে না। তবে খাল খননে সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজরিত ঐতিহাসিক কাশাদহ খালের খনন আগামী শীত মৌসুমে করা হবে। সরকার আগামী পাঁচ বছরে সাড়ে সাত হাজার খালের মোট ২০ হাজার কিলোমিটার খনন করবে।

তিনি আরো বলেন, এই খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। জিয়াউর রহমানের সময় খান খননের মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল এবং বিদেশে খাদ্য রফতানি করা হয়েছিল।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, জনবান্ধব পরিবেশ তৈরি ও উন্নয়নমূলক কাজ করারই বর্তমান সরকারের লক্ষ্য। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সবাইকে নিয়ে দুর্নীতি-সন্ত্রাসমুক্ত, অভাবমুক্ত এক সুখীসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য যা করা প্রয়োজন তাই করব।

স্থানীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির দেশের উন্নয়নে মাঠে-ঘাটে চষে বেড়ানোর জন্য মন্ত্রীদ্বয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের উন্নয়নে আমরা জনগণকে সাথে নিয়ে কাজ করে যাবো।

মন্ত্রীদ্বয়, এমপি, জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক শিবালয় উপজেলার কাসাদহ খালের কার্যক্রম পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন।

এরপর মন্ত্রীদ্বয় ও তাদের সফর সঙ্গীরা দৌলতপুর এবং সাটুরিয়া উপজেলার আরো দু’টি খালের কাজ পরিদর্শন করেন।