কাশিয়ানীতে স্কুলের জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

Printed Edition

কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ‘সম্প্রীতি বিদ্যানিকেতন’ নামের একটি বিদ্যালয়ের জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত এলাকায় সরেজমিন জানা যায়, ১৯৮৭ সালে প্রায় ৩ একর জমির ওপর ‘সোসাইটি ফর পিস এন্ড ডেভেলপমেন্ট (সম্প্রতি)’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সংস্থাটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে সম্পত্তির দেখভালের দায়িত্ব ‘বাস্তব’ নামে আরেকটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে ওই জমির প্রায় ৩০ শতাংশ জায়গায় ‘সম্প্রীতি বিদ্যানিকেতন’ পরিচালিত হচ্ছে।

বিদ্যালয়টিতে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬২ জন শিক্ষার্থী বিনা বেতনে পড়াশোনা করছে এবং ৯ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, একই এলাকার প্রভাবশালী আজাদ খান বিদ্যালয়ের প্রায় ৭ শতাংশ জমি দখল করে সেখানে দেয়াল নির্মাণ করছেন। এতে শ্রেণীকক্ষে আলো-বাতাস প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার পরিবেশ বিঘিœত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জানা গেছে, জমিসংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, মামলাকে উপেক্ষা করে প্রভাব খাটিয়ে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও এলাকাবাসী। তারা দ্রুত নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে আজাদ খান বলেন, তিনি কোনো প্রতিষ্ঠানের জমি দখল করেননি এবং নিজস্ব জমিতেই নির্মাণকাজ করছেন। তার দাবি, এ বিষয়ে তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. কামাল হোসেন জানান, মামলা চলমান থাকা অবস্থায় সুযোগ নিয়ে নির্মাণকাজ চালানো হচ্ছে। অফিস খোলার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।