বাড়ছে আক্রান্তের সংখ্যা

বুটেক্সের আবাসিক হলে ডেঙ্গু আতঙ্ক

Printed Edition

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক হলগুলোতে সম্প্রতি মশার উপদ্রব বাড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্য বরাদ্দ তিনটি হল-জি এম এ জি ওসমানী হল, সৈয়দ নজরুল ইসলাম হল ও শহীদ আজিজ হলে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, অক্টোবর এবং নভেম্বরের এই সময়টায় অন্যান্য মাসের তুলনায় মশার উপদ্রব বেড়েছে কয়েক গুণ। শিক্ষার্থীদের অভিযোগ, অনিয়মিত ফগিংয়ের পাশাপাশি হল প্রশাসন থেকে নেয়া হচ্ছে না বাড়তি কোনো মশা নিধন ব্যবস্থা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হলের বেশ কয়েকজন শিক্ষার্থী দিনের বেলায়ও মশারি টাঙিয়ে পড়ছেন কিংবা শুয়ে আছেন। বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পাশে অবস্থিত ড্রেনে বহুদিন ধরে জমে আছে নোংরা এবং জীবাণুবাহী স্থির পানি। হলসংলগ্ন খেলার মাঠের পাশে রাখা হয়েছে ময়লার স্তূপ। এ ছাড়া হলের পচাবাসি খাবারো ড্রেনের ভেতরেই আটকে থাকতে দেখা যায়। এসব ময়লার স্তূপ ও ড্রেনে আটকে থাকা নোংরা পানিতে মশার প্রজনন দ্রুত বাড়ছে।

ডেঙ্গু পরিস্থিতি ও মশা নিধনে হল কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে জি এম এ জি ওসমানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক কিছু সমস্যার কারণে ব্যস্ত থাকায় আমি এখনো হলে পুরোপুরিভাবে কার্যক্রম শুরু করতে পারিনি। তবে, হল প্রতিনিধিরা মশা ও ডেঙ্গুসংক্রান্ত সমস্যা জানানোর পর আমি বিষয়টিকে গুরুত্ব দিয়ে সাথে সাথে ডিএনসিসি অফিসে যোগাযোগ করেছি। তারা নিশ্চিত করেছে হলে নিয়মিত মশার স্প্রে কার্যক্রম চালানো হবে। এ ছাড়াও ডেঙ্গু ঝুঁকি কমাতে আমরা পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিচ্ছি।

সৈয়দ নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরাও প্রায় একই পরিস্থিতির কথা জানান। তাদের মতে, প্রতিদিন হলের বাইরে জমে থাকা ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না। ফলে দীর্ঘদিনের আবর্জনা এক জায়গায় পড়ে থাকায় মশা-মাছির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত ফগার মেশিনও বেশ কিছুদিন ধরে চালু করা হচ্ছে না। এতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার আতঙ্কে দিন কাটছে আবাসিক শিক্ষার্থীদের।

সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, অক্টোবর মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ২২ হাজার, আর নভেম্বরে এখনই ছয় হাজার ছাড়িয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় স্বাস্থ্যকর্মীদের উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে, বুটেক্স শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে মশার উপদ্রব শিক্ষার্থীদের মনে আতঙ্ক ছড়াচ্ছে। শিক্ষার্থীদের দাবি, প্রশাসন যেন দ্রুতই পদক্ষেপ নেয় এবং এসব সমস্যার সমাধান করে।