ঈদের আগেই হতে পারে সংসদের প্রথম অধিবেশন

প্রথম দিনই নির্বাচিত হবেন স্পিকার, ডেপুটি স্পিকার। বিরোধী দলীয় নেতা ও উপনেতার স্বীকৃতিও আসবে সেদিন

ঈদুল ফিতরের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে। ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও পরদিন ফল ঘোষণার পর দ্রুত সরকার গঠন, মন্ত্রিসভার শপথ এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ায় সংসদীয় অধিবেশনের প্রস্তুতিও এগিয়ে চলছে সমানতালে। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ও নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের লক্ষ্য, রোজার ঈদের আগেই নারী আসনের নির্বাচন শেষ করে সংসদকে পূর্ণাঙ্গ রূপ দেয়া।

কাওসার আজম
Printed Edition

পবিত্র ঈদুল ফিতরের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে। ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও পরদিন ফল ঘোষণার পর দ্রুত সরকার গঠন, মন্ত্রিসভার শপথ এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ায় সংসদীয় অধিবেশনের প্রস্তুতিও এগিয়ে চলছে সমানতালে। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা ও নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের লক্ষ্য, রোজার ঈদের আগেই নারী আসনের নির্বাচন শেষ করে সংসদকে পূর্ণাঙ্গ রূপ দেয়া।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন এবং অধিবেশন বসলেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। যদিও সরকারি দল সাধারণত আগেই প্রার্থী নির্ধারণ করে রাখে।

জাতীয় নির্বাচনের ফলাফল অনুযায়ী বিএনপি বর্তমানে ২০৮ জন সদস্য নিয়ে সংসদে রয়েছে (একটি আসন শূন্য থাকায়)। সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আইন বলছে- কোনো দল যতটি সাধারণ আসন পাবে, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে ৩০০ দিয়ে ভাগ করলে প্রাপ্য নারী আসনের সংখ্যা নির্ধারিত হবে। অর্থাৎ প্রতি ৬ জন সংসদ সদস্যের বিপরীতে একজন সংরক্ষিত নারী এমপি নির্বাচিত হবেন। সে হিসেবে বিএনপির প্রাপ্য দাঁড়ায় ৩৪ দশমিক ৬৬, অর্থাৎ ৩৫টি আসন। জোটভিত্তিক সমর্থন পেলে তা ৩৬-এ উন্নীত হতে পারে। দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন পাওয়ায় ১১টি নারী আসন পাবে। এ ছাড়া এনসিপি একটি এবং স্বতন্ত্র সদস্যরা জোটগতভাবে একটি নারী আসন পেতে পারেন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহেই তফসিল ঘোষণা হতে পারে। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের জন্য প্রায় দুই সপ্তাহ সময় রাখা হবে। যেহেতু সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট হয় না এবং দলীয় মনোনয়নই চূড়ান্ত, তাই অধিকাংশ ক্ষেত্রেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা বেশি। সে হিসেবে তফসিল ঘোষণার এক সপ্তাহ থেকে ১০-১২ দিনের মধ্যেই নারী সদস্য নির্বাচন শেষ হতে পারে।

তবে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ঈদুল ফিতরের আগেই সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনের ভোটার হন।

১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফল প্রকাশিত হয়েছে ২৯৭টির। আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল স্থগিত রয়েছে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন হবে। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনের পতন হয়। ভারতে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নিষিদ্ধ হয় আওয়ামী লীগের কার্যক্রম, একইসাথে দলটির নিবন্ধনও স্থগিত হয়। ফলে দলটি এবার নির্বাচনে অংশ নিতে পারেনি। নির্বাচনে ৫০টি দল অংশ নিলেও আসন পেয়েছে মাত্র ৯টি দল। বাকি দলগুলো কোনো আসন পায়নি।

সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। স্পিকার ছাড়া অধিবেশন পরিচালনা সম্ভব নয়। নতুন সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন, যা বাধ্যতামূলক আনুষ্ঠানিকতা। ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন ও আলোচনা হবে, যা সাধারণত প্রথম বড় রাজনৈতিক বিতর্কের ক্ষেত্র সৃষ্টি করে।

কার্যতালিকা (অর্ডার অব বিজনেস) অনুমোদনও অপরিহার্য। এতে প্রশ্নোত্তর পর্ব, সরকারি বিল উত্থাপন, প্রস্তাব ও আলোচ্যসূচি নির্ধারণ করা হয়। সংসদের স্পিকার নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা ও উপনেতার নাম স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। স্পিকার তা সংসদ সচিবালয়ে প্রেরণ করলে গেজেট প্রকাশিত হবে। বিরোধী দলীয় হুইপ বা চিফ হুইপ নির্ধারণ হলে স্পিকারকে কেবল অবহিত করলেই চলবে।

৬৮টি আসন নিয়ে জামায়াত এককভাবে দেশের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হতে যাচ্ছে। ইতোমধ্যে দলটির আমির ডা: শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা এবং নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহেরকে উপনেতা নির্বাচিত করা হয়েছে। সংসদ অধিবেশন বসলেই তাদের স্বীকৃতি দেয়া হবে।

প্রথম অধিবেশনের অগ্রাধিকারমূলক কাজের মধ্যে রয়েছে অধ্যাদেশ উত্থাপন ও অনুমোদন। নির্বাচন-পূর্ব জারি করা কোনো অধ্যাদেশ নির্দিষ্ট সময়ের মধ্যে পাস না হলে বাতিল হয়ে যায়। তাই সরকার চাইলে সেগুলো বিল আকারে উত্থাপন করতে পারে। অর্থনৈতিক, প্রশাসনিক বা আইনশৃঙ্খলাজনিত জরুরি বিলও আসতে পারে। প্রশ্নোত্তর পর্ব চালু, জরুরি জনস্বার্থ প্রস্তাব গ্রহণ এবং সংসদীয় স্থায়ী কমিটি- যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি ও এস্টিমেটস কমিটি গঠনের প্রক্রিয়াও শুরু হতে পারে।

জানা যায়, ঈদের আগে সংসদ অধিবেশন বসবে কিনা-বড় চ্যালেঞ্জ সংসদ ভবনের সংস্কারকাজ। আওয়ামী সরকারের পতনের পর ৫ আগস্ট ব্যাপক ভাঙচুরে অধিবেশন কক্ষ, শপথকক্ষ, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, আইটি সেন্টার ও সম্প্রচারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে ক্ষতি ৩০০ কোটি টাকা ধরা হলেও পরে তা প্রায় ১৫০ কোটিতে নির্ধারিত হয়- এর মধ্যে সংসদ সচিবালয়ের ৫০ কোটি ও গণপূর্ত বিভাগের প্রায় ১০০ কোটি টাকা। বরাদ্দ সঙ্কট ও কারিগরি জটিলতায় কাজ পিছিয়েছে। তবে বর্তমানে সংসদ সচিবালয় দ্রুত গতিতে সব প্রস্তুতি সম্পন্ন করছেন বলে জানা যায়।