জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদের বিজিডব্লিউসি উদ্যোগে গতকাল গার্মেন্ট শ্রমিকদের জন্য শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনসহ ৬ দফা দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুর রহমান। এতে বক্তব্য রাখেন- পরিষদের মহাসচিব মাহতাবউদ্দিন সহিদ, প্রেসিডিয়াম সদস্য যথাক্রমে এম দেলোয়ার হোসেন, আব্বাসউদ্দীন, সম্পাদকমণ্ডলীর সদস্য তাহমিনা রহমান, শামসুল হক, ইব্রাহিম খলিল, আশরাফুজ্জামান, কামরুল ইসলাম মৃধা প্রমুখ।
কর্মসূচি থেকে অবিলম্বে গার্মেন্ট শ্রমিকদের জন্য মজুরি বোর্ড পুনর্গঠনের দাবিসহ ৬ দফা মেনে নেয়ার জন্য বলা হয়। অন্য দাবির মধ্যে রয়েছে যথাক্রমে- বহুমাত্রিক শ্রমিক কার্ড ইস্যু করা এবং এক হাজার টাকা প্যাকেজে শ্রমিক পরিবারকে মাসিক চাল, ডাল, আটা, ভোজ্যতেল, চিনি ও শিশু খাদ্য চালুর ব্যবস্থা করা।
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে বিধিমালা প্রণয়ন এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপে শ্রমিকদের কলোনি/ডরমিটরি নির্মাণ।
শিল্পাঞ্চলে শ্রমিকদের সুবিধার্থে সান্ধ্যকালীন চিকিৎসাসেবা চালুসহ প্রয়োজনীয় হাসপাতাল স্থাপনের কার্যকর পদক্ষেপ গ্রহণ। শ্রম আইন বহির্ভূত শ্রমিকদের কালো তালিকা করে প্রকাশ্যে গেটে প্রদর্শন করা বন্ধ করা।
কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ স্কিম জাতীয়ভাবে ইআইএস পর্যায়ক্রমে সব শ্রমিকদের জন্য আগামী বছর চালু করা। নেতারা বলেন, আমরা নির্বাচিত সরকারকে অনুরোধ করব, আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন, সেহেতু গার্মেন্ট মালিকদের নিয়ে শ্রমিকদের ৬ দফা ক্রমান্বয়ে বাস্তবায়নের জন্য একটি রূপরেখা প্রণয়ন করবেন। বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্তৃপক্ষের কাছে আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় দাবিগুলো উত্থাপন করছি। শ্রমিক সমাজের বিশ্বাস, প্রধানমন্ত্রী শ্রমিকদের হতাশ করবেন না। বিজ্ঞপ্তি।


