নয়া দিগন্ত ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একটি ঐতিহাসিক সমঝোতা চুক্তির ১৪ দফা খসড়া প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। খসড়ায় যুদ্ধবিরতি, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা, ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা উল্লেখ রয়েছে।
সিএনএনের দাবি, তারা এক মার্কিন কর্মকর্তার কাছ থেকে এই সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়া কপি পেয়েছে। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে উপস্থিত এক কূটনীতিক এবং আলোচনার সাথে জড়িত আরো দুই কূটনৈতিক সূত্র এর সত্যতা নিশ্চিত করেছে। তবে হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেছেন, ফাঁস হওয়া নথিটি চূড়ান্ত সমঝোতার প্রকৃত প্রতিফলন নয়।
খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ গত রোববার ডিজিটালভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। আগামীকাল শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের কথা রয়েছে। এরপর চূড়ান্ত চুক্তি সম্পন্ন করতে ৬০ দিনের সময়সীমা কার্যকর হবে।
খসড়া অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানকে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রফতানির অনুমতি দেবে। পাশাপাশি ইরান তার পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত প্রতিশ্রুতি পূরণ করলে ৩০০ বিলিয়ন ডলারের উন্নয়ন তহবিলে প্রবেশাধিকার পেতে পারে। তবে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা খসড়ায় নেই। চুক্তির ১৪ দফা :
১। ইসলামিক রিপাবলিক অব ইরান ও যুক্তরাষ্ট্র এবং বর্তমান যুদ্ধে জড়িত তাদের মিত্ররা এই সমঝোতা স্মারকে স্বাক্ষরের সাথে সাথে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের তাৎক্ষণিক ও স্থায়ী সমাপ্তি ঘোষণা করবে। উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেবে না এবং শক্তি প্রয়োগ বা শক্তি প্রয়োগের হুমকি থেকেও বিরত থাকবে।
২। ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করবে এবং পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকবে।
৩। উভয় দেশ সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা চালাবে। পারস্পরিক সম্মতিতে এ সময় বাড়ানো যেতে পারে।
৪। সমঝোতা স্মারকে স্বাক্ষরের সাথে সাথে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার করবে এবং ইরানের বিরুদ্ধে কোনো ধরনের বাধা বা হস্তক্ষেপ বন্ধ করবে। সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা হবে। এ ছাড়া চূড়ান্ত চুক্তির ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র আশপাশের এলাকা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে।
৫। ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষরের পরপরই পারস্য উপসাগর থেকে ওমান সাগর পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচল আবার স্বাভাবিক করার পদক্ষেপ নেবে। এ ক্ষেত্রে প্রযুক্তিগত প্রতিবন্ধকতা দূর ও মাইন অপসারণের বিষয়টি বিবেচনায় নেয়া হবে।
৬। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদাররা ইরানের পুনর্বাসন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত ৩০০ বিলিয়ন ডলারের অর্থায়নে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করবে। এর বাস্তবায়ন পদ্ধতি ৬০ দিনের মধ্যে চূড়ান্ত হবে।
৭। যুক্তরাষ্ট্র চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইরানের ওপর বর্তমান সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। এর মধ্যে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বোর্ড অব গভর্নরসের প্রস্তাব এবং যুক্তরাষ্ট্রের একতরফা প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত থাকবে।
৮। ইরান পুনর্ব্যক্ত করেছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। সমৃদ্ধ ইউরেনিয়াম ও পারমাণবিক কর্মসূচিসংক্রান্ত অন্যান্য বিষয় চূড়ান্ত চুক্তিতে সমাধান করা হবে।
৯। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষ বর্তমান অবস্থা বজায় রাখবে। ইরান তার পারমাণবিক কর্মসূচিতে বর্তমান অবস্থা বজায় রাখবে এবং যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ বা অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করবে না।
১০। সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট সেবার রফতানির অনুমোদন দেবে। এর মধ্যে ব্যাংকিং, বীমা ও পরিবহন খাতও থাকবে।
১১। আলোচনায় অগ্রগতির ভিত্তিতে ইরানের স্থগিত বা সীমাবদ্ধ তহবিল ও সম্পদ মুক্ত করে ব্যবহারের সুযোগ দেয়া হবে। ইরানের কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত যেকোনো চূড়ান্ত অর্থ প্রদানে এসব অর্থ ব্যবহার করা যাবে। এ জন্য প্রয়োজনীয় সব অনুমোদন ও লাইসেন্স যুক্তরাষ্ট্র দেবে।
১২। চূড়ান্ত চুক্তির সফল বাস্তবায়ন ও ভবিষ্যৎ প্রতিশ্রুতি তদারকির জন্য একটি বাস্তবায়ন কাঠামো গঠন করা হবে।
১৩। সমঝোতা স্মারকে স্বাক্ষর এবং ৪, ৫, ১০ ও ১১ নম্বর ধারার বাস্তবায়ন শুরু হওয়ার নিশ্চয়তা পাওয়ার পর উভয় দেশ বাকি ধারাগুলো নিয়ে চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু করবে।
১৪। চূড়ান্ত চুক্তি জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হবে।
ইরানে হামলার পক্ষে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন যুক্তি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি যেসব লক্ষ্যের কথা বলেছিলেন, তার খুব কমই অর্জিত হয়েছে বলে মনে হচ্ছে। ইরানের সরকার এখনো টিকে আছে। দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভেঙে দেয়া যায়নি। হিজবুল্লাহর মতো ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থনও বন্ধ হয়নি।
এ চুক্তির কারণে ট্রাম্প নিজ দলের মধ্যেই সমালোচনার মুখে পড়তে পারেন। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশেই এ যুদ্ধের প্রভাব পড়েছে। এ সঙ্ঘাতকে কেন্দ্র করে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই ইরান ও লেবাননের। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এ চুক্তির আওতায় ইসরাইল ও লেবাননও আছে। তবে তার এ বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি গত সোমবার বলেন, ইসরাইল এ চুক্তি মানার বাধ্যবাধকতায় নেই। তারা দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবেন না।
হিজবুল্লাহর এক মুখপাত্র রয়টার্সকে বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি দখলদারি চলতে থাকলে ইরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে তারা মনে করেন না। ইরানের সামরিক কমান্ডের কেন্দ্রীয় দফতর খাতামুল আমবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সতর্ক করে বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধ না করলে ইসরাইলকে কঠোর জবাবের মুখোমুখি হতে হবে।
এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, এ চুক্তির কারণে ইরান অবিলম্বে তেল ও অন্য জ্বালানি রফতানি শুরু করতে পারবে। এ ছাড়া তেল বিক্রি সহজ করতে ব্যাংকিং, পরিবহন ও বীমাসংক্রান্ত সেবাও অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মতে, ভবিষ্যতে এ চুক্তি ইরানকে বড় ধরনের অর্থনৈতিক সুবিধা দিতে পারে। এর মধ্যে আছে- আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা ও বিদেশে জব্দ থাকা সম্পদ মুক্ত করা।
এ ছাড়া ইরান যদি চুক্তির শর্ত মেনে চলে তবে দেশটির জন্য ৩০ হাজার কোটি ডলারের একটি পুনর্গঠন তহবিল গড়ার পথ তৈরি হতে পারে। যেসব উপসাগরীয় দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে এবং যুদ্ধ চলাকালে যেগুলো ইরানের হামলার শিকার হয়েছিল, তারা এ তহবিলের অর্থ দেবে।
আগামী ৬০ দিনে আলোচকেরা আবারো কয়েকটি জটিল বিষয় নিয়ে আলোচনা শুরু করবেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ।
চুক্তির খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমতে শুরু করেছে। সোমবার প্রায় ৫ শতাংশ পতনের পর মঙ্গলবার তেলের দাম আরো ২ শতাংশের বেশি কমে তিন মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তবে জ্বালানি খাতের কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস উৎপাদন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে এখনো কয়েক মাস লাগতে পারে।
হরমুজে অবরোধ ভেঙে ইরানের তেল রফতানি শুরু
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা স্বাক্ষরের আগেই বেশ কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালীতে অবরোধ পাড়ি দিয়েছে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তিতে পৌঁছানোর পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবার আলোচনা শুরু হওয়ার ঠিক দুই দিন আগে এ ঘটনা ঘটেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণ ওয়েবসাইটের বরাতে গতকাল বুধবার আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
তেল পরিবহন ও মজুদ তদারকি করা ওয়েবসাইট ‘ট্যাংকার ট্রাকার্স’ বলছে, প্রথমবারের মতো অপরিশোধিক তেল রফতানি করেছে ইরান। ডিজিটাল ট্র্যাকিং ডেটা ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করেছে।
ট্যাংকার ট্রাকার্স বলছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) ডিওনা এবং হিরো ২ নামের দু’টি ট্যাংকার অবরোধ পাড়ি দিয়েছে। ট্যাংকার দু’টিতে মোট ৩৮ লাখ ব্যারেল তেল রয়েছে। এ ছাড়া বুধবার স্ট্রিম নামের আরেকটি ট্যাংকার ইরানের বন্দরের দিকে যাত্রা করেছে। এনআইটিসির সোনিয়া ১ নামের তৃতীয় আরেকটি ট্যাংকার ১০ লাখ ব্যারেল তেল নিয়ে বুধবার অবরোধ পাড়ি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্রাকিং ওয়েবসাইটটি এ তথ্য জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান আবার তেল রফতানি শুরু করলে তা বৈশ্বিক চাহিদার প্রায় ২ শতাংশ পূরণ করতে সক্ষম হবে। ওয়েস্টপ্যাকের অর্থনীতিবিদ লুকা বেলোব্রাজিকের মতে, এটি বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ সৃষ্টি করলেও নিষেধাজ্ঞা থেকে সম্পূর্ণ ছাড় পাওয়া এবং এর স্থায়িত্ব নির্ভর করছে অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তির ওপর।



