ঈশ্বরদী(পাবনা) সংবাদদাতা
পাবনায় এক ব্যবসায়ী সমাবেশে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল এমপি বলেছেন সততা, আন্তরিকতা ও ন্যায্যতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। পরিশ্রম করলে ব্যবসায় সফলতা অবশ্যই আসবে।
শুক্রবার পাবনার ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) পাবনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু তালেব মণ্ডল বলেন, ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়; এর সাথে মানুষের কল্যাণ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন জড়িত। ব্যবসায়ীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ন্যায্যতার ভিত্তিতে ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে পারলে শিল্প-বাণিজ্যের আরো বিকাশ ঘটবে।
তিনি বলেন, ব্যবসায়ীদের নিজেদের সমস্যা সমাধানের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতেও ভূমিকা রাখতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকের সাথে কার্যকর যোগাযোগের মাধ্যমে ব্যবসার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মো: শহিদুল ইসলাম। তিনি ব্যবসায়ীদের ঐক্য, দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আইবিডব্লিউএফ পাবনা জেলা শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের বগুড়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ সেলিম রেজা, ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ইকবাল হোসাইন, আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ ও উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি নুর এ ইসলাম উজ্জ্বল।



