রংপুর ব্যুরো
১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিন্নরকম এক তারুণ্যের মিলনমেলা বসেছে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ক্যাম্পাসে। আজ মঙ্গলবারও চলবে এই উৎসব।
এ উপলক্ষে গতকাল সকাল থেকেই চলছে নানা আয়োজন। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। এতে শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রেজাউল ইসলাম।
এর পর অনুষ্ঠিত হয় আলোচনসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: আমজাদ হোসেন, সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইসমাইল হোসেন সরকার, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: বোরহান উদ্দিন, কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর দিলীপ কুমার রায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বসেছে ৩০টি স্টলের বিশেষ তারুণ্যের মেলা। এতে হাঁস খিচুড়ি, ডিম খিচুরি, পিঠা, পায়েস, নুলডস, পুডিং, চুড়ি, পানসহ শিক্ষার্থীদের হাতের তৈরি সামগ্রী স্থান পেয়েছে। সবাই নেচে গেয়ে আনন্দ আড্ডায় নিজেকে মাতিয়ে রেখেছেন। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, ১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে কারমাইকেল কলেজে ১৯টি বিভাগে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।



