আলজাজিরা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক নানামুখী কূটনৈতিক তৎপরতার মাঝেই দক্ষিণ লেবাননে নির্বিচারে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে জানা গেছে, বুধবার দেশটির বেশ কয়েকটি এলাকায় ইসরাইলি সেনাবাহিনী নতুন করে বিমান হামলা চালালে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা নির্দিষ্ট করে জানিয়েছে যে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো মূলত নাবাতিয়েহ আল-ফাওকা এলাকা এবং এর পার্শ্ববর্তী কফার তেবনিত শহরের পূর্বাঞ্চল লক্ষ্য করে এই হামলা চালায়। একই সময়ে জাহরানি এলাকার আনসারিয়েহ শহরেও চালকবিহীন ড্রোন হামলা চালানো হয়েছে।
গত সোমবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যপ্রাচ্যে সঙ্ঘাত নিরসনে একটি প্রাথমিক সমঝোতার ঘোষণা আসার পর লেবানন জুড়ে সহিংসতার তীব্রতা কিছুটা কমে এসেছিল। তবে শান্তি প্রক্রিয়ার এই আবহের মধ্যেই দক্ষিণ লেবাননে চালানো ইসরাইলি হামলায় নতুন করে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এ দিকে সীমান্ত পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সুযোগে দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত বাসিন্দাদের অনেকেই নিজেদের ঘরবাড়ির অবস্থা দেখতে শহর ও গ্রামগুলোতে ফিরতে শুরু করেছিলেন। কিন্তু লেবাননের সেনাবাহিনী নাগরিকদের এখনই তড়িঘড়ি করে উপদ্রুত এলাকায় ফিরতে নিষেধ করে সতর্কবার্তা জারি করেছে। সামরিক বাহিনীর আশঙ্কা, ইসরাইলের পক্ষ থেকে যেকোনো সময় নতুন করে চুক্তি লঙ্ঘন বা আকস্মিক হামলার ঝুঁকি এখনো রয়ে গেছে।
ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরাইল লক্ষ্য করে রকেট হামলা চালায়। ফলে লেবাননও সরাসরি এই যুদ্ধের কবলে পড়ে। এর জবাবে ইসরাইলি বাহিনী লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, ইসরাইলি সেনারা লেবাননের দখল করা অঞ্চল থেকে পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত এই সঙ্ঘাতের স্থায়ী সমাধান সম্ভব নয়। বিপরীতে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, সামরিক প্রয়োজন যত দিন থাকবে, তত দিন তাদের সেনারা লেবাননের মাটিতে অবস্থান করবে। অবশ্য হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে নতুন কোনো পাল্টা হামলার দাবি করা হয়নি। এই সঙ্কটের মধ্যেই সংগঠনটির প্রধান নাইম কাসেম বুধবার টেলিভিশনে একটি বিশেষ ভাষণ দেবেন বলে কথা রয়েছে।



