মেসিকে উপভোগ করুন

Printed Edition

বয়সের হিসাব বলছে, ক্যারিয়ারের একদম গোধূলিলগ্নে দাঁড়িয়ে লিওনেল মেসি। চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপই হয়তো আলবিসেলেস্তের জার্সিতে তার শেষ অধ্যায়। তবে মেসির বিদায়ের হিসাব কষতে রাজি নন রদ্রিগো ডি পল; বরং আর্জেন্টাইন মিডফিল্ডারের আহ্বান, বিদায়ের দিন গোনার বদলে ফুটবলপ্রেমীরা যেন মেসির প্রতিটি মুহূর্ত উপভোগ করেন।

ডি পল বলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটি দিন লিও মেসিকে উপভোগ করা। শুধু আমি নই, এই মুহূর্তে প্রতিটি আর্জেন্টাইনের সেটাই করা উচিত। এখন শূন্যতার কথা ভাবার সময় নয়। তিনি আমাদের সাথে আছেন, এই সময়টুকু উপভোগ করতে হবে।

সমর্থকদের কাছে ডি পল পরিচিত ‘মেসির বডিগার্ড’ নামে। গত বছর আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর ক্লাব ফুটবলেও মেসির সতীর্থ হয়েছেন। মেসির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে ডি পল বলেন, মেসির একজন ভালো বন্ধু হতে পারাটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। মাঠে ও মাঠের বাইরে তার সাথে সময় কাটাতে পারছি, এটি আমাকে সত্যিই গর্বিত করে।