চীনা নাগরিকদের নিরাপত্তা দিতে সুরক্ষা ইউনিট করবে পাকিস্তান

Printed Edition

এক্সপ্রেস ট্রিবিউন

সন্ত্রাসবাদ নির্মূল এবং অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে চীনের নাগরিকদের নিরাপত্তার জন্য একটি বিশেষ সুরক্ষা ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই ইউনিটের অধীনে সাইবার হামলা প্রতিরোধে ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় চীনাভিত্তিক এআই প্রযুক্তির সহায়তা নেয়া হবে বলেও জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

গতকাল বুধবার বেইজিংয়ে চীনের জননিরাপত্তা মন্ত্রী ওয়াং জিয়াওহং-এর সাথে বৈঠকের পর নকভি এই মন্তব্য করেন। বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের সদর দফতরে চীনের জননিরাপত্তা মন্ত্রী ওয়াং জিয়াওহং এবং মহসিন নাকভি বৈঠক করেন। সেখানে নকভিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বৈঠকে নেতারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি যৌথ ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সম্মত হন, যার মধ্যে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণে একমত হয়।

এ সময় জিয়াওহং সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছেন। এ ছাড়াও উভয় দেশ পুলিশ ও নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য একটি যৌথ কৌশলের বিষয়ে একমত হয়েছেন। এতে উভয় দেশের পুলিশ এবং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে তথ্য বিনিময় বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন। বৈঠকের একপর্যায়ে নাকভি চীনা মন্ত্রীকে পাকিস্তানে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।