ক্রীড়া ডেস্ক
পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে শান মাসুদকে। তার জায়গায় দ্বিতীয়বারের মতো টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাবর আজম। চলতি মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য এই সিদ্ধান্ত।
এর মাধ্যমে শান মাসুদের অধিনায়কত্বের একটি হতাশাজনক অধ্যায়ের অবসান হলো। প্রায় তিন বছর আগে দায়িত্ব পাওয়া মাসুদ ১৬টি টেস্টে পাকিস্তানের নেতৃত্ব দিয়ে ১২টিতেই হেরেছেন। টেস্ট ইতিহাসের কোনো অধিনায়ক নিজের প্রথম ১৬ ম্যাচের মধ্যে ১২টিতে হারেননি। পাকিস্তানের হয়ে শান মাসুদের চেয়ে বেশি টেস্ট হারা একমাত্র অধিনায়ক মিসবাহ-উল-হক (৫৬ টেস্টে ১৯ হার)। এ ছাড়া শেষ সাতটি টেস্টেই টানা হেরেছে পাকিস্তান, যা তাদের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ হারের রেকর্ড। যার মধ্যে বাংলাদেশের কাছে ঘরে-বাইরে চার টেস্ট হারের লজ্জাও আছে। অধিনায়ক হিসেবে বাবরের আগের রেকর্ড বেশ উজ্জ্বল। তার অধীনে ২০টি টেস্টের মধ্যে ১০টিতেই জিতেছিল। শ্রীলঙ্কার মাটিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব রয়েছে।



