কাউখালীতে ঊর্ধ্বমুখী সবজির বাজার

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন হাটবাজারে সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। মাছ ও গোশতের দাম আগে থেকেই বেশি থাকায় নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের ভরসা ছিল সবজি। তবে বর্তমানে সবজির মূল্যবৃদ্ধিতে সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে।

গতকাল সোমবার উপজেলার দক্ষিণ বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দাম স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। প্রতি কেজি কাঁচামরিচ ২৮০-৩০০ টাকা, করলা ও বরবটি ১২০ টাকা, টমেটো ও গাজর ১৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, কাকরোল, শসা, কচুর ঘাটি ও রেহা ৭০ টাকা, পটোল ও মুলা ৬০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আকারভেদে প্রতি পিস লাউ ও চাল কুমড়ার দাম ৮০ থেকে ২০০ টাকা। সবজি বিক্রেতা আল আমিন বলেন, বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে স্থানীয়ভাবে সবজির উৎপাদন কমে গেছে। বাজার করতে আসা সরোয়ার হোসেন বলেন, আগে মাছ-গোশতের পরিবর্তে সবজি কিনে সংসার চালানো যেত। এখন সবজির দামও এত বেড়েছে যে সীমিত আয়ে পরিবারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে অনেক এলাকায় সবজির গাছের গোড়া পচে উৎপাদন কমে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, বাজারে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। কৃত্রিম সঙ্কট সৃষ্টি বা সিন্ডিকেটের মাধ্যমে মূল্যবৃদ্ধির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।