চট্টগ্রামে ট্রাকচালক সজিব হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় ট্রাকচালক মো: সজিব (২৭) হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো: তাজউল ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং থানার সাহেবপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে মো: নুরুল আমিন, কুমিল্লার দেবিদ্বার থানার আবদুল্লাহপুর এলাকার মো: আবুল হোসেনের ছেলে মো: শাহজাহান এবং ফেনী সদর থানার সাফিয়াবাদ এলাকার আমিনুল হকের ছেলে মো: নুরুল আলম টুটুল।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর নয়া দিগন্তকে জানান, মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে দণ্ডবিধির ৩০২, ৩০১ ও ৩৪ ধারায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামি নুরুল আলম টুটুল আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ অক্টোবর মালামাল পরিবহনের কাজে বাড়ি থেকে বের হন ট্রাকচালক সজিব। এরপর তার সাথে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের ১০ দিন পর, ২৭ অক্টোবর পাহাড়তলী থানার টোল রোড এলাকার একটি কৃষিজমি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। ফিঙ্গারপ্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের মাধ্যমে স্বজনরা লাশটি সজিবের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহত সজিবের ভাই ইকবাল হোসেন রবিউল বাদি হয়ে পাহাড়তলী থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২০২৩ সালের ১১ অক্টোবর আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।