রয়টার্স ও এএফপি
প্যারিসের বিশ্বখ্যাত স্থাপত্য আইফেল টাওয়ারে একটি হিন্দুধর্মীয় গোষ্ঠীর সফরকালে নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার প্রতিবাদে ধর্মঘট পালন করেছেন কর্মীরা। এর ফলে দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল আইফেল টাওয়ার। জানা যায়, বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (বিএপিএস) প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধিদল সম্প্রতি আইফেল টাওয়ার পরিদর্শনে যায়। এর পাশাপাশি সেন নদীতে তারা একটি সাংস্কৃতিক নৌযাত্রার আয়োজন করেছিল।
শ্রমিক ইউনিয়নের প্রতিনিধির তথ্যমতে, প্রতিনিধিদলটি চলাচলের সময় নারী কর্মীদের নিজেদের কর্মস্থল ছেড়ে চলে যেতে বলা হয় এবং সেখানে পুরুষ কর্মীদের বসানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে চরম অসন্তোষ তৈরি হলে কর্মীরা বৈঠকে বসে কর্তৃপক্ষের সাথে আলোচনা এবং ভবিষ্যতে নারীদের প্রতি এমন বৈষম্য বন্ধের দাবি জানান।



