আনাদোলু
জেরুসালেমের ঐতিহাসিক পরিচয় এবং ইসলামিক ও খ্রিষ্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরাইলের বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে বৈঠক করেছেন আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা। জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এই বৈঠকে ইসরাইলি নীতির বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট ও যৌথ কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হয়। গতকাল বুধবার অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে বেশ কয়েকটি প্রভাবশালী মুসলিম দেশের প্রতিনিধিরা অংশ নেন।
জর্দানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রার তথ্য অনুযায়ী, জেরুসালেমে ইসরাইলি পদক্ষেপ মোকাবিলায় গঠিত আরব মন্ত্রী পর্যায়ের কমিটি, আরব লীগের মহাসচিব আহমদ আবুল গায়ছ এবং তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
বৈঠকে প্রতিনিধিরা জেরুসালেমের সাম্প্রতিক পরিস্থিতি এবং এর পবিত্র স্থানগুলোর সার্বিক সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে ইসরাইলের ক্রমবর্ধমান অবৈধ কর্মকাণ্ড ও নীতির বিরুদ্ধে বিশ্বমঞ্চে একটি একক ও শক্তিশালী কূটনৈতিক অবস্থান গ্রহণে সম্মত হন উপস্থিত নেতারা।
উল্লেখ্য, জেরুসালেমে ইসরাইলি নীতির পর্যালোচনায় গঠিত এই আরব কমিটিতে রয়েছে জর্দান, তিউনিসিয়া, আলজেরিয়া, সৌদি আরব, সোমালিয়া, ইরাক, কাতার, মিসর ও মরক্কো। পাশাপাশি আরব লীগের মহাসচিবও এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জেরুসালেমের ইসলামিক ও খ্রিষ্টান পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক তত্ত্বাবধায়ক হিসেবে জর্দান এই বৈঠকের আয়োজন করে। আরব ও মুসলিম দেশগুলোর মতে, ইসরাইলের অব্যাহত এসব বেআইনি পদক্ষেপ জেরুসালেমের ধর্মীয় ঐতিহ্য, ঐতিহাসিক মর্যাদা এবং স্বকীয় পরিচয়ের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।



