টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে পাঁচ বছরের বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত আসামি হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নব ধুলটিয়া পূর্বপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে নুরনবী (২৭)। তার উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো: ওমরাও খান দীপু জানান, খন্দকার রাসেল পুলিশে চাকরির সুবাদে কিশোরগঞ্জ থাকতেন। তার পাঁচ বছরের ছেলে কে এম রাহেনুল ইসলাম আরাফ মায়ের সাথে গ্রামের বাড়িতেই বসবাস করতেন। ২০২৪ সালের ৮ অক্টোবর সকালে রাসেলের খালাতো ভাই নুরনবী শিশু আরাফকে বাড়ির পাশে খেলতে নিয়ে যান। দুপুর হয়ে গেলেও আরাফ বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়।
একপর্যায়ে পরিবারের লোকজনের জিজ্ঞাসাবাদে নুরনবী স্বীকার করেন, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আরাফকে অপহরণ করা হয়েছে। এর তিন দিন পর নুরনবীর দেয়া তথ্য মতে, কালিয়াকৈরের একটি জঙ্গল থেকে আরাফের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
এ মামলার রায়ে আসামি নুরনবীকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। এ ছাড়া অপহরণের দায়ে ১৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং হত্যার পর লাশ গুম করায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।



