অ্যান্ড্রয়েড ফোনে নতুন ফিচার আনছে গুগল

Printed Edition

প্রযুক্তি ডেস্ক

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্লে-স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টল পদ্ধতিকে আরো নিরাপদ করতে নতুন সুরক্ষাব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে গুগল। এ উদ্যোগের আওতায় প্লে-স্টোরের বাইরে থাকা অ্যাপ ইনস্টলের সময় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্কবার্তা প্রদর্শনের পাশাপাশি অ্যাপটির নিরাপত্তা ও নির্মাতা প্রতিষ্ঠান কতটা বিশ্বাসযোগ্য, তা আগেভাগেই জানা যাবে।

প্লে-স্টোরের নতুন বেটা সংস্করণের কোড বিশ্লেষণ করে নতুন সুরক্ষাব্যবস্থা যুক্তের বিষয়টি শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্লে-স্টোরের বাইরে থাকা অ্যাপ নির্মাতাদের পরিচয় ও সত্যতা যাচাইয়ের সুবিধা আনতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যদি প্লে-স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে চান, তবে সেই অ্যাপটি যারা তৈরি ও প্রকাশ করেছেন, তাদের পরিচয় ও উৎস অনলাইনে যাচাই করবে গুগল।

এই সুবিধাটি চালুর জন্য প্লে-স্টোরে নতুন অপশন যুক্ত করা হতে পারে, যার মাধ্যমে প্লে-স্টোরের বাইরে থাকা অ্যাপ স্ক্যান করে নির্মাতাদের পরিচয় যাচাই করা যাবে। এতে করে যারা নিয়মিত প্লে-স্টোরের বাইরে থাকা অ্যাপ ইনস্টল করেন, তারা বাড়তি নিরাপত্তা পাবেন।