চাঁদপুর-২ আসনে এলডিপিকে সমর্থন জামায়াত ও এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

Printed Edition

মতলব উত্তর (চাঁদপুর) থেকে

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) সংসদীয় আসনে জোট রাজনীতির দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। ১০ দলীয় জোটের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা: আ: মুবিন এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী রাশিদা আক্তার মিতু তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে করে আসনটির নির্বাচনী সমীকরণ অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন। পৃথক ঘোষণায় তারা জানান, কেন্দ্রীয় নির্দেশনা ও জোটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্য দিয়ে চাঁদপুর-২ আসনে জামায়াত প্রার্থী থাকা না থাকা নিয়ে চলা আলোচনা ও জল্পনার অবসান ঘটে।

মনোনয়ন প্রত্যাহারের পর জামায়াতের প্রার্থী ডা: আ: মুবিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই এবং দলীয় শৃঙ্খলার প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ালেও রাজনৈতিক কর্মকাণ্ড ও মানুষের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জামায়াত ও এবি পার্টির প্রার্থী সরে দাঁড়ানোর পর ১০ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিকে (ছাতা প্রতীক) চূড়ান্ত করা হয়েছে। জোট নেতারা বলছেন, এ সিদ্ধান্ত জোটের ঐক্যকে আরো শক্তিশালী করবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্রত্যাহার এ আসনের প্রতিদ্বন্দ্বিতাকে আরো স্পষ্ট ও তীব্র করে তুলবে।