ক্রীড়া ডেস্ক
আইসিসি বিশ্ব টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে প্রায় দুই বছর পর শীর্ষ দশে ফিরলেন বাবর আজম। ক্রিকেটের নিয়ন্তা সংস্থার গতকাল প্রকাশিত র্যাংকিংয়ে পাঁচ ধাপ উন্নতি করে দশম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের এই টপঅর্ডার ব্যাটার। ২০২২ সালের ডিসেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে ক্যারিয়ার-সেরা দ্বিতীয় স্থানে উঠেছিলেন বাবর।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বুধবার পোর্ট অব স্পেনে শেষ হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে জয় পায় পাকিস্তান। তিন বছরের বেশি সময় পর প্রতিপক্ষের মাঠে এটাই প্রথম টেস্ট জয় পাকিস্তানের। সে জয়ে দারুণ ভূমিকা রাখায় র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাবর, আবদুল্লাহ শফিক ও সাজিদ খানের।
পাকিস্তানের ওই টেস্টের প্রথম ইনিংসে ৮৮ রান করেন বাবর। দ্বিতীয় ইনিংসে ২৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। শফিক প্রথম ইনিংসে ১৬০ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ইনিংসে করেন হার না মানা ২৪ রান। এতে এই ব্যাটার ২৫ ধাপ উন্নতি করে ৩২তম স্থানে উঠে এসেছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে আফগানিস্তানের জয়ে ৭১ রান করে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ব্যাটারদের র্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি করে ১১তম স্থানে উঠেছেন। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ম্যাচসেরা হয়ে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা রশিদ খান ৬৭৫ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান আরো মজবুত করেছেন। দ্বিতীয় স্থানে ৩৮ পয়েন্ট কম নিয়ে আছেন পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ।


