ক্রীড়া প্রতিবেদক
বেশ কিছুদিন ধরেই কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাবেক খেলোয়াড় ও সংগঠক মোস্তফা কামাল। গতকাল ভোরে ৮৮ বছর বয়সী কামাল নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিংমল জামে মসজিদে নামাজে জানাজা শেষে দ্বিতীয় জানাজা হয় দুপুরে জাতীয় স্টেডিয়াম। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হয়। কামালের মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), মোহামেডানের স্পোর্টিং ক্লাব, ভলিবলসহ বিভিন্ন ফেডারেশন, বিভিন্ন ক্রীড়া সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।
মোস্তফা কামাল ক্রীড়াঙ্গনে অন্যতম এক সব্যসাচী ব্যক্তিত্ব ছিলেন। ষাটের দশকে ঢাকা মোহামেডানের হয়ে ফুটবল খেললেও পরবর্তীতে ভলিবলই ছিল তার ধ্যান-জ্ঞান।
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আজীবন সদস্য মোস্তফা ক্রীড়াঙ্গনের অনেক খেলা ও সংগঠনের সাথে সম্পৃক্ততা থাকলেও ভলিবলের কামাল হিসেবে তিনি বিশেষভাবে সমাদৃত।
খেলোয়াড় হিসেবে অবসর নেয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদে ভলিবল কোচ হন। ভলিবল ফেডারেশনে সহসভাপতি ছিলেন দীর্ঘ দিন। ভলিবল ছাড়াও ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির সাথে সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন কমিটি ও পদে নানা ভূমিকা পালন করেছেন। খেলোয়াড়, কোচ ও সংগঠকের পাশাপাশি তিনি ক্রীড়া বিষয়ে লেখালেখিও করেছেন।



