হাকাইন্ডে হিচিলেমা ফের জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত

Printed Edition

এএফপি

আফ্রিকার অন্যতম শীর্ষ তামা উৎপাদনকারী দেশ জাম্বিয়ায় আবারো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন হাকাইন্ডে হিচিলেমা। নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, গতকাল মঙ্গলবার ঘোষিত ফলাফলে তিনি ৬০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গত সপ্তাহে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রধান বিরোধী প্রার্থী সাবেক মন্ত্রী ব্রায়ান মুন্দুবিলে পান ৩৮ শতাংশ ভোট। বিজয়ী হয়ে ৬৪ বছর বয়সী হিচিলেমা জনগণের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সব নাগরিকের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন। ফলাফল প্রকাশের পরপরই রাজধানী লুসাকায় লাল পোশাক পরিহিত কর্মী-সমর্থকরা আনন্দ মিছিলে মেতে ওঠেন।

তবে নির্বাচন চলাকালীন বিরোধী জোটের ওপর ভয়ভীতি প্রদর্শন, অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে। বিরোধী নেতা মুন্দুবিলে কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই নির্দিষ্ট কিছু অঞ্চলের ভোট গণনার নথিতে কারসাজির অভিযোগ তোলেন। অন্য দিকে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তা হুমকির অজুহাতে কয়েক ঘণ্টা ভোট গণনা বন্ধ রাখায় প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক পর্যবেক্ষক দলগুলো।