ময়মনসিংহ অফিস
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) দুই নবজাতক বদল হওয়ার ঘটনা ঘটেছে। দুই শিশুর মায়ের নাম একই হওয়ায় ভুল করে এক পরিবারের সন্তানকে অন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এক পরিবার ভুল শিশুকে নিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে নিজেদের বাড়িতেও চলে যায়। পরে বিষয়টি ধরা পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ রাতেই শিশুটিকে ফিরিয়ে এনে গতকাল মঙ্গলবার সকালে দুই পরিবারকে নিজ নিজ সন্তান বুঝিয়ে দেয়।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরিষাবাড়ীর জগন্নাথবাড়ি এলাকার মাসুদ ইসলাম ও নাদিরা দম্পতির কন্যাসন্তান গত বৃহস্পতিবার জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয়। শারীরিক সমস্যা দেখা দিলে শনিবার শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সোমবার বিকেল ৫টার দিকে তাকে ছাড়পত্র দেয়া হয়।
অন্য দিকে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পুম্বাইল গ্রামের আবু রায়হান ও নাদিরা দম্পতির কন্যাসন্তানও গত বৃহস্পতিবার জন্ম নেয়। ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্মের পর শারীরিক সমস্যা দেখা দিলে তাকেও এনআইসিইউতে ভর্তি করা হয়।
গৌরীপুরের পরিবারের সদস্যদের ভাষ্য, সোমবার বেলা ১১টার দিকে শিশুটির মা এনআইসিইউতে গিয়ে সন্তানকে দুধ পান করান। পরে ছাড়পত্রের প্রক্রিয়া শুরু হয়। তবে ভর্তির সময় দেয়া টোকেন পেতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা সন্ধ্যা ৬টার দিকে শিশুকে নিতে যান। এ সময় দায়িত্বপ্রাপ্তরা তাদের একটি নবজাতক দেন। শিশুটিকে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তারা জানান, এটি তাদের সন্তান নয়।
পরে পরিচয় যাচাই শুরু হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে, ভুল করে গৌরীপুরের শিশুটিকে সরিষাবাড়ীর পরিবারের কাছে দেয়া হয়েছে। ততক্ষণে ওই পরিবার শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে চলে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের পর রাত ৩টার দিকে শিশুটিকে ময়মনসিংহে ফিরিয়ে আনা হয়। পরে পরিচয় নিশ্চিত করে মঙ্গলবার সকালে দুই শিশুকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গৌরীপুরের নবজাতকের স্বজন রুহুল আমিন বলেন, নবজাতকের পায়ে থাকা টোকেনে বাবা-মায়ের নাম ও সিরিয়াল নম্বর লেখা থাকে। মায়ের নাম একই হলেও বাবার নাম আলাদা।



