গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলেছে : তারেক রহমান

Printed Edition
কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন তারেক রহমান: নয়া দিগন্ত
কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন তারেক রহমান: নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে এখনো বহু ষড়যন্ত্র চলেছে, বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের বিএনপি ক্ষমতায় গেলে কী কী করবে তা সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান।

গণতন্ত্রের কোনো বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। কারণ সেখানে কোনো জবাবদিহিতা ছিল না। একমাত্র গণতন্ত্রই সমাজে-দেশে এবং রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে।

চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ৫ আগস্টের মাস্টারমাইন্ড হচ্ছে দেশের মানুষ। মাস্টারমাইন্ড হচ্ছে এই দেশের গৃহবধূ, ক্ষুদ্র মুদি দোকানদার, রিকশাচালক, ভ্যানচালক, সিএনজিচালক, বাসের হেল্পার, ছাত্র-জনতা, মাদরাসার ছাত্র, বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজের ছাত্ররা। এমনকি ছোট ছোট শিশুরাও। ৬৩ জন শিশু মারা গেছে সেই আন্দোলনে।

সরকারের জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জবাবদিহিতা থাকলেই ধীরে ধীরে পরিবর্তন ঘটতে শুরু হবে। গত ১৬ বছর ধরে একপক্ষ বলেছে- ‘আমি ভালো আর সব খারাপ, একজন ভালো আর বাকি সবাই খারাপ। দুঃখজনক হলো গণ-অভ্যুত্থানের পরেও সেটার পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়। এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দেবে। মতামত দেয়ার অধিকার তার আছে। বক্তব্য রাখার অধিকার তার আছে। কিন্তু অবশ্যই একজন ভালো আর বাকি সবাই খারাপ’ এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। এই ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যদি সামনে এগিয়ে আসতে পারো তা হলে এ দেশ টিকে যাবে। আর যদি তা না হয় তা হলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

স্বৈরাচারকে তাড়াতে এ দেশের ছাত্ররা, ছাত্রদলের নেতাকর্মী জীবনের সোনালি সময় বিসর্জন দিয়েছে জানিয়ে তাদের অভিনন্দন জানান তারেক রহমান।