খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ ও পিজিআর মোতায়েন

Printed Edition

বিশেষ সংবাদদাতা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। এরই ধারাবাহিকতায় তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ভিভিআইপি প্রটোকলের অংশ হিসেবে দুপুর থেকে তারা এভারকেয়ার হাসপাতালে এসে ডিউটি শুরু করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ২টা ২০ মিনিট থেকে এসএসএফের ৭ কর্মকর্তা নিরাপত্তার দায়িত্ব বুঝে নেন। এ সময় তাদের সাথে পিজিআরের ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ ও মেজর আহনাফ উপস্থিত ছিলেন।

সরেজমিন দেখা গেছে, পিজিআর সদস্যরা হাসপাতালের গাড়ি পার্কিং এলাকায় অবস্থান নিয়েছেন। এ ছাড়া ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তারা হাসপাতালের চতুর্থতলায় খালেদা জিয়ার কেবিনের কাছাকাছি অবস্থানে রয়েছেন।

খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা : এর আগে গতকাল দুপুরে অন্তর্বর্তী সরকার জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সিদ্ধান্ত বাস্তবায়ন কাজও শুরু করা হয়েছে।

গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা এতে যোগদান করেন।

পরে যুমনার সামনে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আজ (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

তিনি আরো বলেন, সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘœ চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। দুই মিনিটের কম সময়ের মধ্যে এই ব্রিফিং শেষ করা হয়। এর আগে জানানো হয়, সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন নেয়া হবে না।

উল্লেখ্য, গুরুতর অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর গতকাল দুপুর থেকেই তার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ নিয়োগ করা হয়েছে।