ইউরোপে চীনা পণ্যের প্রবেশ ঠেকাতে চায় ইইউ

Printed Edition

আলজাজিরা

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ এবং চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আপাতদৃষ্টিতে উষ্ণ সৌহার্দ্যপূর্ণ মনে হলেও, এই বৈঠকের নেপথ্যে ছিল ইউরোপীয় বাজারে চীনা পণ্যের অনিয়ন্ত্রিত প্রবেশ ঠেকানোর কঠোর বার্তা। ইইউর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে যে, বর্তমান একতরফা বাণিজ্য ঘাটতি কোনোভাবেই আর মেনে নেয়া হবে না এবং ইউরোপীয় নিজস্ব শিল্প রক্ষায় তারা কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে বৈশ্বিক মুক্ত বাণিজ্যের প্রচারক হিসেবে পরিচিত ইউরোপ এখন তাদের অভ্যন্তরীণ বাজার রক্ষায় সুরক্ষাবাদী নীতি গ্রহণে বাধ্য হচ্ছে। ২০২৫ সালে ইইউর সাথে চীনের বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে রেকর্ড ৩৬০.৬ বিলিয়ন ইউরোতে, যা প্রায় ৪১১ বিলিয়ন ডলারের সমতুল্য এবং আগের বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। সৌর প্যানেল, বিরল খনিজ, রাসায়নিক এবং শিল্প রোবটের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে এখন চীনা কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য তৈরি হয়েছে, যা ইউরোপীয় নিয়মনীতি প্রণেতাদের উদ্বিগ্ন করে তুলেছে।