এসএফএস ফাইন্যান্সের ২২ কোটি টাকা আত্মসাৎ নথি তলব দুদকের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পিকে হালদারের অন্যতম সহযোগী এসএফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে গ্রাহকের ২২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে রেকর্ডপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পিকে হালদারের সহযোগী এসএফএস ফাইন্যান্সের তৎকালীন এমডি প্রীতিশ কুমার সরকার এবং অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের এমন অভিযোগ খতিয়ে দেখতে ওই নথিপত্র তলব করা হয়।

গতকাল সোমবার দুদকের উপপরিচালক মো: মশিউর রহমান স্বাক্ষরিত চিঠিতে রেকর্ডপত্র তলব করা হয়।

দুদকের পক্ষ থেকে তলব করা রেকর্ডপত্রের মধ্যে রয়েছে, এসএফএস ফাইন্যান্সে আব্দুল ওহাব অ্যান্ড কোং কর্তৃক তৈরি অডিট প্রতিবেদন, জাহানারা গার্ডেন, উত্তরা প্রকল্পের ১৫৫৫ বর্গফুটের ফ্ল্যাট সংক্রান্ত সব নথিপত্র, যেমন-পেমেন্ট রিসিট সিট, সেকশন সংক্রান্ত সব হিসাব, বিক্রয় চুক্তি, রেজিস্ট্রেশন না হওয়ার কারণ এবং পেমেন্ট গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচিতি।

তলব করা রেকর্ডপত্রে রয়েছে, ২০১৬-২০২০ সাল পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত ২২ কোটি টাকা আদায়ের সমস্ত প্রমাণপত্র ও সরকারি খাতে জমা না দেয়া সংক্রান্ত নথিপত্র। আর্থস্কোপ লিমিটেডের লোন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র, যেমন- নির্ধারণ প্রতিবেদন, প্রস্তাব, ক্রেডিট ডিভিশন সুপারিশ, ক্রেডিট কমিটির সুপারিশ, পেমেন্ট সংক্রান্ত লেটার এবং ডিসবার্সমেন্ট লেটার।

চিঠিতে অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য এসব নথিপত্র আগামী ৫ আগস্টের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।