ডাকাতির ঘটনায় গ্রেফতার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার দু’টি প্রিন্টিং কারখানায় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মুরাদ হাসান (৩৫) ও রাসেল আহমেদ (৩২)। পুলিশ জানায়, গত ১২ জুন রাতে ২০-২৫ জনের একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে বরাবো এলাকার নিপুন সিনথেটিক লেদার ও এসডিকে প্রিন্টিং কারখানায় প্রবেশ করে। তারা নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে চার-পাঁচ ঘণ্টা ধরে লুটপাট চালায়। ডাকাতরা কারখানা থেকে প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, ল্যাপটপ ও নগদ টাকাসহ প্রায় ৬৪ লাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, আধুনিক প্রযুক্তির সহায়তায় দু’টি কম্প্রেসার ও দু’টি মোটর উদ্ধার করা হয়েছে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
নিখোঁজের পরদিন চা শ্রমিকের লাশ
মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ি থেকে বের হওয়ার পরদিন চা বাগানের পাহাড়ি ছড়ার ব্রিজের পাশ থেকে মৌলচাঁন করুয়া (৩৫) নামের এক চা শ্রমিক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে লঙ্গুরপার ব্রিজের কাছে ছড়ার পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত মৌলচাঁন উপজেলার ফুলবাড়ি চা বাগানের ৭ নম্বর লাইনের সুদন করুয়ার ছেলে। জানা যায়, গত রোববার দুপুরে ফুলবাড়ি চা বাগানে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে অসাবধানতাবশত ছড়ায় পড়ে যান মৌলচাঁন। সন্ধ্যায় তিনি বাড়ি না ফেরায় স্বজনরা সারারাত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাঁতার না জানা এবং ছড়ায় তীব্র স্রোত থাকায় তিনি আর পানি থেকে উঠতে পারেননি। প্রকৃত কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা।
সাপের দংশনে কৃষকের মৃত্যু
রাজবাড়ীর পাংশায় পাটক্ষেতে কাজ করার সময় সাপের দংশনে তমছের সরদার (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত তমছের উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের মৃত দীরাজ সরদারের ছেলে। পারিবার জানায়, শনিবার সকাল ১০টার দিকে নিজ জমির পাটক্ষেতে কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে স্বজনরা দ্রুত উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সন্ধ্যায় তিনি মারা যান। কৃষকরা সাপটিকে দেখতে না পারায় ‘রাসেলস ভাইপার’ আতঙ্কে অন্য কৃষকরা চরম ভয় ও দুশ্চিন্তায় পড়েছেন। গোয়ালন্দ (রাজবাড়ী) থেকে সংবাদদাতা।
কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ
দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। খরিপ-২ মৌসুমে রোপা আমন, হাইব্রিড কাঁচামরিচ, শীতকালীন ও গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়। গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মোট তিন হাজার ৫০০ জন কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও চাষিদের সহায়তা করতে সরকার এই প্রণোদনা দিচ্ছে। খানসামা (দিনাজপুর) সংবাদদাতা।
বিনামূল্যে চক্ষুসেবা
পিরোজপুরের মঠবাড়িয়ায় অন্ধত্ব প্রতিরোধে ও দরিদ্র মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী মহিলা সংস্থা’ ও বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই ক্যাম্প পরিচালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। দিনব্যাপী এই ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়। এ ছাড়া ৮৬ জন ছানি রোগীকে লেন্স সংযোজন ও অপারেশনের জন্য নির্বাচিত করা হয়, যাদের পরবর্তী চিকিৎসা ও চশমা বিনামূল্যে দেয়া হবে। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।
মুক্তা চাষের প্রদর্শনী খামার স্থাপন
নড়াইলের লোহাগড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের পাশাপাশি বিকল্প আয়ের উৎস হিসেবে ঝিনুকে মুক্তা চাষের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। মৎস্য অধিদফতরের ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপজেলার দুই জন নির্বাচিত উদ্যোক্তার পুকুরে ঝিনুকে মুক্তা চাষ প্রদর্শনী খামার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প কমিটির সভাপতি শাম্মী কায়সারের সভাপতিত্বে তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যসচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা ২০২৫-২৬ অর্থবছরের বাস্তবায়িত ও চলমান কার্যক্রমের বিবরণ উপস্থাপন করেন। জানা গেছে, মুক্তা চাষের এই প্রদর্শনী খামার স্থাপনের জন্য স্থানীয় মোট ১৭ জন আগ্রহী উদ্যোক্তা আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে দুইজন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা।
সাটুরিয়ায় কৃষি উপকরণ বিতরণ
মানিকগঞ্জের সাটুরিয়ায় চলতি ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের এক হাজার ৯০০ জন কৃষকের মধ্যে এই প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম। প্রণোদনা পাওয়া কৃষকদের মধ্যে রোপা আমন চাষি এক হাজার ৭০০ জনকে ধানের বীজ, ডিএপি ও এমওপি সার এবং ২০০ জন মরিচ চাষিকে হাইব্রিড মরিচের বীজ, সার ও বালাইনাশক দেয়া হয়। সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদাতা।
নিখোঁজ শিশুর লাশ মিললো পুকুরে
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুইদিন পর উপজেলা পরিষদ পুকুর থেকে সেঁজুতি (৮) নামের এক স্কুলছাত্রীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার মাছ ব্যবসায়ী ফালু চন্দ্র মালুর মেয়ে এবং সখীপুর আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। গত শনিবার বিকেল থেকে সেঁজুতি নিখোঁজ হয়। ওই রাতেই সখীপুর থানায় জিডি করা হয়। পরিবারের দাবি, রোববার রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে শিশুটিকে ফিরিয়ে দেয়ার জন্য তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। নিহত শিশুর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়েকে নির্মমভাবে মেরে পুকুরে ফেলা হয়েছে। সখীপুর থানার ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।



