ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গতকাল রোববার থেকে সারা দেশে মাঠে নেমেছেন এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও সক্রিয় থাকবেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী আচরণবিধি তদারকির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অপরাধ প্রতিরোধে কাজ করবেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সেনাবাহিনী আগেই মাঠে রয়েছে, রোববার (গতকাল) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব আরো জোরদার হয়েছে। ভোটের আগে ও পরে সাত দিন তারা দায়িত্ব পালন করবেন। শঙ্কামুক্ত ভোটের পরিবেশ নিশ্চিতে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও তিনি জানান।
৯ লাখ সদস্যের নিরাপত্তা বলয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্রবাহিনী মোতায়েন থাকবে।
মোট প্রায় ৯ লাখ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে- আনসার ও ভিডিপি : প্রায় সাড়ে পাঁচ লাখ; পুলিশ : প্রায় দেড় লাখ; সশস্ত্রবাহিনী : এক লাখ; বিজিবি : ৩৫ হাজার।
সশস্ত্রবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। সব বাহিনী রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে।
ভোট কেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা : পরিপত্র অনুযায়ী- সাধারণ কেন্দ্রে : ১৬-১৭ জন; ঝুঁকিপূর্ণ কেন্দ্রে : ১৭-১৮ জন; মেট্রোপলিটন এলাকাতেও একই ব্যবস্থা; দুর্গম ঘোষিত ২৫ জেলার কেন্দ্রগুলোতে ১৬-১৮ জন দায়িত্ব পালন করবেন।
ভোট গ্রহণের দুই দিন আগে থেকে এসব সদস্য দায়িত্বে থাকবেন। এবারের নির্বাচনে ২৯৯ আসনে দুই হাজার ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আড়াই শতাধিক স্বতন্ত্র প্রার্থী এবং বাকিরা ৫১টি দলের মনোনীত প্রার্থী।
পোস্টাল ব্যালট : প্রবাসীদের অংশগ্রহণ বাড়ছে : আসন্ন নির্বাচন ও গণভোটে গতকাল রোববার পর্যন্ত চার লাখ ৭২ হাজার ৮৬৯টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। এর মধ্যে প্রবাসীদের তিন লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট রয়েছে।
ইসির প্রকল্প পরিচালক ড. সালীম আহমাদ খান জানান, পোস্টাল ব্যালটে পাঁচ লাখ তিন হাজার ৪৪১ জন প্রবাসী ভোট দিয়েছেন। প্রবাস থেকে দেশে এসেছে চার লাখ ২৮ হাজার ৮২৮টি ব্যালট।
সর্বাধিক ভোট এসেছে সৌদি আরব থেকে- এক লাখ ছয় হাজার ৫২৯টি। এ ছাড়া কাতার, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত থেকেও উল্লেখযোগ্যসংখ্যক ব্যালট এসেছে।
অভ্যন্তরীণ পোস্টাল ভোট : দেশের ভেতরে পাঠানো হয়েছে সাত লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট। গ্রহণ করেছেন : চার লাখ ৪৩ হাজার ৫৪২ জন; ভোট দিয়েছেন : তিন লাখ ৮৮ হাজার ৮৯৮ জন; রিটার্নিং কর্মকর্তার কাছে জমা : এক লাখ ৫৪ হাজার ৭৪৪টি।
ফেনী-৩, চট্টগ্রাম-১৫, কুমিল্লা-১০ ও নোয়াখালীর কয়েকটি আসনে উল্লেখযোগ্যসংখ্যক ব্যালট জমা পড়েছে।
৫৫ হাজারের বেশি পর্যবেক্ষক মাঠে : নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫ অনুযায়ী নিবন্ধিত ৮১টি সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে ইসি।
কেন্দ্রীয় পর্যায়ে : সাত হাজার ৯৯৭ জন; স্থানীয় পর্যায়ে : ৪৭হাজার ৪৫৭ জন; মোট : ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন।
পর্যবেক্ষকদের জন্ম ১১ ফেব্রুয়ারি ২০০৫ বা তার আগে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা হয়েছে।
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি : কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা: শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে ১১টি নারী সংগঠন।
গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে তারা স্মারকলিপি দেন। সংগঠনগুলোর দাবি, সংশ্লিষ্ট বক্তব্য নারীর মর্যাদা, মানবাধিকার ও সংবিধানস্বীকৃত সমতার পরিপন্থী।
তাদের চার দফা দাবি- ১. অবিলম্বে বক্তব্য প্রত্যাহার; ২. নিঃশর্ত ক্ষমা প্রার্থনা; ৩. ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার অঙ্গীকার; ৪. আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নিয়ে প্রার্থিতা বাতিল।
সংগঠন নেতারা বলেন, যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রকাশিত বক্তব্যকে ‘হ্যাকিং’ বলে দায় এড়ানো গ্রহণযোগ্য নয়।



