ব্রাজিলের দলে নেই এস্তেভাও

Printed Edition

ক্রীড়া ডেস্ক

গত এপ্রিল মাসের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ব্রাজিলের তরুণ ফুটবলার এস্তেভাও উইলিয়ান। আসন্ন ২০২৬ বিশ্বকাপে যেসব তরুণদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছিল, তিনি তাদের মধ্যে একজন। তাকে ঘিরে স্বপ্ন দেখছিলেন অনেক ব্রাজিল সমর্থক। সেলেকাও কোচ কার্লো অ্যানচেলোত্তির অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। চেলসির এই ফরোয়ার্ড চোট থেকে হয়তো দ্রুত সেরে উঠে বিশ্বকাপ দলে জায়গা করে নেবেন, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, টুর্নামেন্টের আগে এস্তেভাওয়ের শতভাগ ফিট হয়ে ওঠার নিশ্চয়তা দিতে পারেনি ব্রাজিল ও চেলসির চিকিৎসক দল। তাতে আসন্ন বিশ্বকাপে দেখা যাবে না এস্তেভাওকে।

বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম, এমনটা বুঝতে পেরেছেন এস্তেভাও। গত সপ্তাহে চিকিৎসার জন্য সাবেক ক্লাব পালমেইরাসে ফেরার পর তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল বলেও জানিয়েছে সূত্রগুলো। সব মিলে চেলসির এই উইঙ্গারকে বাদ দিয়েই ব্রাজিল বিশ্বকাপের ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছেন বলে জানিয়েছে ইএসপিএন। এস্তেভাওয়ের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিতে না পারার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ও।

ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলগুলোর ১১ মের মধ্যে ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড জমা দেয়ার কথা ছিল। এ তালিকা প্রকাশ করা না হলেও চূড়ান্ত ২৬ সদস্যের দল কেবল এ তালিকা থেকেই বেছে নিতে হয়।

সংবাদমাধ্যমগুলোর দাবি যদি সত্য হলে এস্তেভাওয়ের ছিটকে পড়া ব্রাজিলের জন্য বড় ধাক্কা। ১৯ বছর বয়সী এই তরুণ গত এক বছরে সেলেকাওদের হয়ে আলো ছড়িয়েছেন, মাঠের ডান প্রান্তে তার গতি ও ধারালো আক্রমণ দলের বড় ভরসা হয়ে উঠেছিল। চোটে পড়ার আগে বিশ্বকাপ দলে প্রায় নিশ্চিত ধরে নেয়া হচ্ছিল এস্তেভাওকে।

আনচেলত্তির অধীনে ব্রাজিলের হয়ে সাত ম্যাচে ৫ গোল করার পাশাপাশি পাঁচটি গোলও করিয়েছেন এস্তেভাও। ইতালিয়ান এই কোচের অধীনে ব্রাজিলের কোনো ফুটবলারের এটাই সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট। পাশাপাশি তার খেলায় চিরায়ত ব্রাজিলিয়ান ফুটবলের সৌন্দর্যও আছে। তাই এস্তেভাওকে হারানোয় নিশ্চিতভাবে দুশ্চিন্তায় পড়বেন আনচেলত্তি।