ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নামে ইজারা নেয়া বালুমহালের আড়ালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। গত সোমবার প্রায় ২ ঘণ্টার এ অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
স্থানীয়দের অভিযোগ, ভৈরব উপজেলার সাদেকপুর, লুন্দিয়া ও টুকচানপুর মৌজার নামে বালুমহালের ইজারা দেয়া হলেও বাস্তবে আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর সংলগ্ন মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে চরসোনারামপুর গ্রামের বসতভিটা, কৃষিজমি, আশুগঞ্জ বাজার, তাপবিদ্যুৎ কেন্দ্র, জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইনসহ বিভিন্ন স্থাপনা নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে দাবি তাদের।
আন্দোলনকারীরা জানান, অবৈধ ড্রেজিং বন্ধ এবং সীমানা লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মোস্তফা রেজা বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, অভিযোগ গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সীমানা লঙ্ঘন করে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।



