সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ১৪টি বেসরকারি এতিমখানা ও সাতটি সমাজকল্যাণ সংস্থার মধ্যে সরকারি অনুদানের ৩০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সরকার’ দেশের বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান সরকার দীর্ঘমেয়াদি উন্নয়ন ও প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্য ব্যক্তিদেরই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এ পর্যন্ত ৭০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি।
সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং চলনবিলকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। বক্তব্য দেন- নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলামসহ স্থানীয় নেতারা।
অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, সবাইকে সাথে নিয়ে নাটোরকে আধুনিক ও উত্তরাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।


