মিডল ইস্ট মনিটর
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে ইসরাইলকে বহিষ্কারের দাবিতে এবার ইউরোপীয় ফুটবলে বড় ধরনের চাপ সৃষ্টি করছে নরওয়ে। ফুটবল অঙ্গনে নিজেদের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রভাব খাটিয়ে এই দাবিকে ইউরোপীয় ফুটবলের মূল ধারায় নিয়ে আসার জন্য জোর তৎপরতা শুরু করেছে দেশটি। প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম পলিটিকোর এক সাম্প্রতিক খবরে এই তথ্য উঠে এসেছে।
এই বিশেষ প্রচারণার নেপথ্যে রয়েছেন নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লিজ ক্লাভেনেস। তিনি পেশায় একজন আইনজীবী এবং নরওয়ে নারী জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড়। বর্তমানে ইউরোপীয় ফুটবলের নীতিনির্ধারণী সংস্থা উয়েফার কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে অন্য কোনো দেশের মতো নরওয়ে একতরফা বয়কটের সাধারণ পথে হাঁটেনি। বরং ক্লাভেনেস বিষয়টিকে ফুটবলের নিজস্ব প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামোর ভেতর দিয়ে সমাধান করার কৌশল নিয়েছেন। গত বছর অসলোতে ইসরাইলের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের আগেই ক্লাভেনেস ইসরাইলি ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে নিয়মকানুন বজায় রাখার স্বার্থেই ইসরাইলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বরখাস্ত করা উচিত। তবে নরওয়ে কেন ম্যাচটি বয়কট করেনি, তার পেছনের কৌশলও তিনি ব্যাখ্যা করেন। তিনি জানান একতরফাভাবে ম্যাচ বয়কট করলে ইসরাইল সরাসরি জয় পেয়ে যেত এবং তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাড়ত। পরে মাঠের লড়াইয়ে নরওয়ে ৫-০ গোলের বিশাল ব্যবধানে ইসরাইলকে পরাজিত করে মাঠেই নিজেদের যোগ্যতার প্রমাণ দেয়।



