এএফপি
ভারতভিত্তিক সঙ্ঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে পরিচালিত আন্তর্জাতিক অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার তারা জানান, কানাডায় এক প্রভাবশালী শিখ নেতাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিনের তদন্তে তারা এমন অপরাধ চক্রগুলোর তথ্য সংগ্রহ করছিলেন। অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চাঁদাবাজি, পরিকল্পিত হত্যাকাণ্ড, গুলি, হামলা, জোরপূর্বক অর্থ আদায় এবং মাদকপাচারের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
কর্মকর্তারা জানান, কয়েক ডজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে দু’জনের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে, তারা ভারতের কারাগারে থেকেও নিজেদের আন্তর্জাতিক অপরাধী চক্র পরিচালনা করতেন। অভিযুক্তদের মধ্যে ১০ জন ছাড়া বাকিদের হেফাজতে নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রথম সহকারী মার্কিন অ্যাটর্নি বিল এসায়লি বলেন, ‘যেসব আন্তঃদেশীয় অপরাধী চক্র ভয়, মাদক ও সহিংসতা ছড়ায়, তাদের বিরুদ্ধে বিচার এবং ফেডারেল সরকারের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে।’ মঙ্গলবার প্রকাশ করা অভিযোগপত্রে উল্লেখ করা অন্যতম ঘটনা হলো ২০২৩ সালে কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড। মঙ্গলবার প্রকাশ করা অভিযোগপত্রে উল্লিখিত অপরাধগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালে কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরকে হত্যা। পাঞ্জাব বংশোদ্ভূত নিজ্জর ছিলেন ‘খালিস্তান’ আন্দোলনের একজন পরিচিত কর্মী। তিনি শিখদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলেন।
অভিযোগে বলা হয়েছে, ভারতের পাঞ্জাবের ৩৩ বছর বয়সী লরেন্স বিষ্ণোই কারাগারে বসে নিজ্জর হত্যার নির্দেশ দিয়েছিলেন। কানাডা তার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে। কর্মকর্তাদের দাবি, বিষ্ণোই প্রকাশ্যে নিজেকে একজন ধর্মপ্রাণ ‘দেশপ্রেমিক’ হিসেবে তুলে ধরলেও এই ভাবমর্যাদা ব্যবহার করে ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিজের অপরাধী চক্রের জন্য সদস্য ও সহযোগী সংগ্রহ করতেন।



