গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং সরকার নির্ধারিত মজুদ সীমার অতিরিক্ত গ্যাস সিলিন্ডার রাখায় পৃথক অভিযান চালিয়ে তিন মামলায় তিনপ্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। শনিবার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে। গাজীপুর মহানগর সদর মেট্রো থানার বিলাশপুর, দেশীপাড়া এবং কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনয়নের ভুরুলিয়ায় এসব অভিযান চালানো হয়।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল জানিয়েছে, অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রির অভিযোগে মহানগরীর বিলাশপুর এবং দেশীপাড়া এলাকায় দুই প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামত সড়কের গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন কোম্পানি জননী এন্টারপ্রাইজে এই অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠানে প্রায় তিন হাজার গ্যাস সিলিন্ডার মজুদ রাখা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দেশীপাড়া এলাকার গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন কোম্পানি খাজা গরিবে নেওয়াজ স্টিল বিতানে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানে প্রায় ১৫ হাজার সিলিন্ডার অবৈধভাবে মজুদ রাখার দায়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনয়নের ভুরুলিয়া এলাকার একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা, গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটে অবস্থিত (বিআরআরআই) আর্মি ক্যাম্প (১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), পুলিশ এবং আনসার ও ভিডিপি বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ দণ্ড দেন। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক বলেন, ভোক্তা অধিকার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।



