২১ বছরে বৈশাখী টেলিভিশন

Printed Edition

সাংস্কৃতিক প্রতিবেদক

সফলতার ২১ বছরে পদার্পণ করতে যাচ্ছে বৈশাখী টেলিভিশন। আগামীকাল ২৭ ডিসেম্বর এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে নাটক গানসহ দিনব্যাপী নানা আয়োজন। দেশীয় সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় বৈশাখী টেলিভিশন। বর্ষপূর্তি উপলক্ষে শনিবার গান, নাটকসহ নানা অনুষ্ঠানের মধ্যে বেলা ১১টায় বৈশাখী পরিবারের সদস্য ও বিশিষ্টজনদের উপস্থিতিতে রয়েছে কেক কাটার আনুষ্ঠানিকতা। ‘২১ বছরে বৈশাখী’ শিরোনামে চলবে সরাসরি সঙ্গীতানুষ্ঠান। যা অব্যাহত থাকবে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে থাকছে দেশের স্বনামখ্যাত রাজনীতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুণী ব্যক্তিত্বদের শুভেচ্ছা বক্তব্য। ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মানের প্রযোজনায় সরাসরি বৈশাখীর সঙ্গীতানুষ্ঠান ‘২১ বছরে বৈশাখী’ প্রচার হবে ১০টি সেগমেন্টে। আইনুন পুতুলের উপস্থাপনায় দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন অনন্যা আচার্য্য ও মিথিলা মল্লিক। দ্বিতীয় সেগমেন্টে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশন করবেন অণিমা রায় ও ইউসুফ আহমেদ খান। স্বর্ণালী দিনের গান গাইবেন খুরশিদ আলম ও চম্পা বণিক। আধুনিক গান গাইবেন নদী ও অপু আমান। তাসনুভা মোহনার উপস্থাপনায় আধুনিক গান গাইবেন সাব্বির ও শবনম প্রিয়াংকা।

আধুনিক গান পরিবেশন করবেন রাজীব ও শিলা দেবী। ফোক গান পরিবেশন করবেন কামরুজ্জামান রাব্বী ও লিটা সরকার, গামছা পলাশ ও সাদিয়া লিজা, সালমা ও তার দল।

রয়েছে নাটক, বাংলা সিনেমা।

এ বিষয়ে বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, আমাদের জন্য এদিনটি বড়ই আনন্দের। ২১টি বছর একটি চ্যানেলের জন্য কম কথা নয়। এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা বৈশাখী টেলিভিশনের সাথে ছিলেন, এখনো যারা আছেন- তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে।