দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ সৈকত ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সৈকত ইসলাম উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি পাকুড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে দৌলতপুর থানা পুলিশের একটি দল ভাগজত বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে সৈকতকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র ও গুলিসহ গ্রেফতার যুবকের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।



