সিলেট ব্যুরো
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগের নজরদারিতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। গত শনিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এই ক্যামেরা বসানো হয়। এর আগে বৃহস্পতিবার মাজারের ঐতিহাসিক তিনটি ডেগ সিলগালা ও নতুন দানবাক্স স্থাপন এবং এর নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ। সিসিটিভির মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে দান কার্যক্রম। এতে ভক্তদের আস্থা বাড়বে এবং অর্থ জমা-সংক্রান্ত কাজে জবাবদিহিতা নিশ্চিত হবে।
দীর্ঘদিন ধরে দানের টাকা ভাগবাঁটোয়ারা করার অনিয়ম চলছিল। শাহজালাল (রহ.) অবিবাহিত ছিলেন, তার কোনো উত্তরাধিকার নেই। তাই এখানে জমা দান পাবলিক সম্পত্তি। তিনি স্পষ্ট করেন, দানের টাকা সরকার নেবে না; তা মাজার, মসজিদ ও মাদরাসার উন্নয়নে ব্যয় হবে। এ জন্য ১০ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১২ জুন মাজার পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক স্বচ্ছতা আনার ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় নতুন দানবাক্স বসানো ও ক্যামেরা স্থাপন। এখন থেকে হাতে হাতে দান নেয়া বন্ধ। সব দান প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত বাক্সে জমা হবে।



