কক্সবাজার অফিস
কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে ইয়াছিন আরাফাত নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকার পাড়া এলাকার আলি হোসেনের ছেলে।
শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
সৈকতে দায়িত্বরত সি-সেফ লাইফগার্ডের ইনচার্জ মো: ওসমান জানান, শুক্রবার সকালে বন্ধুদের সাথে ফুটবল খেলতে আসে ইয়াছিন আরাফাত। ফুটবল খেলা শেষে এক পর্যায়ে সমুদ্রে গোসল করার সময় তিনি পানিতে ডুবে যান। বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বরত লাইফগার্ড ও বিচ-কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াসিন আরাফাতকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াছিন চলতি এইচএসসি পরীক্ষার্থী বলে জেনেছেন লাইফগার্ডের মো: ওসমান।



