বরিশালে ভাইরাল লিটু গ্রেফতার

Printed Edition

বরিশাল ব্যুরো

বরিশাল নগরীর অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বেলা ২টার দিকে নগরীর সদর রোডের টপ টেন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আল মামুন উল ইসলাম গতকাল বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় বিস্তারিত জানাতে বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।

জানা গেছে, গত ২৭ জুন সন্ধ্যার পর নগরীর সদর রোডে অগ্রণী হাউজিংয়ের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার আব্দুল আজিজ হাওলাদার শনিবার রাতে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এর আগে বৃহস্পতিবার তিনি আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার অভিযোগ করেন, মোস্তাফিজুর রহমান লিটু একসময় অগ্রণী হাউজিংয়ের অংশীদার ছিলেন। তার বিনিয়োগের বিপরীতে জমি বুঝিয়ে দেয়া হয়েছে এবং তিনি তা বিক্রিও করেছেন। এমনকি প্রতিষ্ঠানের কাছে তার কোনো পাওনা নেই- এ মর্মে লিখিত অঙ্গীকারনামাও রয়েছে। এরপরও লিটু দীর্ঘদিন ধরে তার কাছে এক কোটি টাকা দাবি করে আসছিলেন।

এ দিকে গ্রেফতারের পর মোস্তাফিজুর রহমান লিটুর পরিবার গতকাল সন্ধ্যায় বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছেন, তিনি অগ্রণী হাউজিংয়ের একজন পরিচালক। পাওনা টাকা চাইতে অফিসে গিয়েছিলেন। কোনো দলের সাথে তার সম্পৃক্ততা নেই।