কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

Printed Edition
আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করছেন তারেক রহমান  :  নয়া দিগন্ত
আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করছেন তারেক রহমান : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ছোট ভাই আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি দোয়া মাহফিলে অংশ নিয়েছেন তিনি।

গতকাল শনিবার বিকেলে বনানীতে কোকোর কবর জিয়ারত শেষে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া ও মুনাজাতের আয়োজনে তারেক রহমান ছাড়াও জিয়া পরিবারের বাকি সদস্যরাও যোগ দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও ড. মাহদী আমিনসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে সকাল সাড়ে ৯টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন। পরে বেলা ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন রিজভীসহ কেন্দ্রীয় নেতারা।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। তার জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ওই বছরের ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের বাড়ি থেকে মা খালেদা জিয়ার সাথে গ্রেফতার হন কোকো। ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসা নিতে সপরিবারে ব্যাংককে যান তিনি। পরে মালয়েশিয়ায় যান। সেখানেই তার মৃত্যু হয়।

বাগবাড়ীতে কুরআন খতম ও দোয়া মাহফিল

বগুড়া অফিস জানায়, গতকাল শনিবার বাদ আসর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার নশিপুরের বাগবাড়ী এলাকাবাসীর আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মুনাজাতে অংশ নেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি এবং সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদারথ লালু, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বজলু, সাবেক সভাপতি মাহফুজার রহমান ফারুক, বিএনপি নেতা ফজলার রহমান, জহুরুল ইসলাম সজল, জহুরুল হক, এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুজা উদ্দিন সুজা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আঞ্জু মণ্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুবদল নেতা রফিকুল ইসলাম নান্টু, আল মামুন, ফেরদাউস হোসেন ও সুমন মিয়া। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল হক।