সারা দেশে গ্রাহকদের মানববন্ধন

ইসলামী ব্যাংকের ওপর হস্তক্ষেপের প্রতিবাদ

Printed Edition
ইসলামী ব্যাংকের ওপর হস্তক্ষেপের প্রতিবাদ
ইসলামী ব্যাংকের ওপর হস্তক্ষেপের প্রতিবাদ

নয়া দিগন্ত ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওপর নানামুখী নগ্ন হস্তক্ষেপ, অনিয়ম এবং ব্যাংক লুটেরাদের ষড়যন্ত্র, স্বার্থান্বেষী মহলের ইন্ধনে ও বাংলাদেশ ব্যাংকের অদৃশ্য হস্তক্ষেপের প্রতিবাদ এবং ব্যাংকের এমডি মুহাম্মদ ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটি থেকে স্বপদে পুনর্বহালের দাবিতে গতকাল রোববার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

ঢাকা প্রতিনিধি জানান, রাজধানীর কদমতলীর গোল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রাহক ফোরামের সভাপতি ব্যাংকের পরিবেশ বিনষ্টকারী এএমডি কামাল উদ্দিন জসীমের বহিষ্কার এবং বর্তমান চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগসহ ৮ দফা দাবি জানান।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপের মতো ব্যাংক লুটেরাদের কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানববন্ধনে গ্রাহকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, ব্যাংকখেকো এস আলমের সাথে নতুন করে কিছু ক্ষমতাশালী লোক হাত মিলিয়ে ব্যাংক সেক্টর গ্রাস করার কুমতলব আঁটছে। এই ষড়যন্ত্র রুখে দেয়া হবে।

নাটোর প্রতিনিধি জানান, মানববন্ধনে সকল শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় বর্তমানে একটি রাজনৈতিক দলের সহযোগিতায় পুনরায় ব্যাংকের ওপর নগ্ন হস্তক্ষেপ শুরু হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য চরম হুমকি।

দিনাজপুর প্রতিনিধি জানান, মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক সাদাকাত আলী খান ও অধ্যক্ষ হাফিজুর রহমান। বক্তারা অবিলম্বে এমডি ওমর ফারুক খানের ছুটি বাতিল, সুশাসন প্রতিষ্ঠা এবং ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভার সিটি সেন্টারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গত কয়েক বছরে এস আলম যেভাবে নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাংকটি ধ্বংস করেছে, ঠিক একইভাবে আবারো শকুনের চোখ পড়েছে ব্যাংকটির ওপর।