শ্যামপুরে স্টিলমিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ শ্রমিক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে আরএমএম নামের একটি স্টিল কারখানায় বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

গতকাল সকাল ৯টা দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো: হিরা (৩৫), খলিলুর রহমান (৫৬), রজব আলী (২৯), মতিউর রহমান (২২), আরশেদ মিয়া (৪৫), লিটন মিয়া (৩২), মানিক মিয়া (৪৫) ও ইউসুফ মিয়া (৪০)।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধদের সহকর্মী শহিদুল ইসলাম বলেন, সকালে তারা কারখানার বয়লারে লোহা গালানোর কাজ করছিলেন। তখন ভালো লোহার সাথে কোনো খারাপ লোহা বয়লারে দেয়ার কারণে সেখানে বিস্ফোরণ হয়ে তরল লোহা ছিটকে তাদের শরীরে পড়ে। এতে ৮ শ্রমিক দগ্ধ হন। সাথে সাথে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে মো: হিরা ১৭ শতাংশ, খলিলুর রহমান ৯ শতাংশ, রজব আলী ৪ শতাংশ, মতিউর রহমান ১০ শতাংশ, আরশেদ মিয়া ১১ শতাংশ, লিটন ৭ শতাংশ, মানিক মিয়ার ৪০ শতাংশ ও ইউসুফ মিয়ার শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে হীরা ও মানিককে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়া বাকি ৬ জনকে চিকিৎসক পর্যবেক্ষণে রেখেছেন।