মাভাবিপ্রবি প্রতিনিধি
ঢাকায় শুরু হওয়া তিন দিনের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) স্টল পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম। এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির আমন্ত্রণে থাইল্যান্ড সফর শেষে তিনি সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং মাভাবিপ্রবির গবেষণালব্ধ ছয়টি প্রকল্প ঘুরে দেখেন।
প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের উদ্ভাবিত ছয়টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও গবেষণা প্রদর্শন করা হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে :
ড্রাইভ গার্ড : সড়ক নিরাপত্তায় সর্বজনীন বুদ্ধিমান ও উন্নত চালক সহায়তা ব্যবস্থা (উপস্থাপক : অধ্যাপক ড. শাহীন উদ্দীন)।
নিউট্রিকেয়ার সফটওয়্যার : অধ্যাপক ড. এ কে ওবায়দুল হক ও তার দল উদ্ভাবিত দেশের প্রথম সফটওয়্যারভিত্তিক খাদ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা মডেল, যা ভিসি মেলায় উন্মোচন করেন।
খাদ্য ও পুষ্টি গবেষণা : সবজি মিশ্রিত সবুজ রুটি (উপস্থাপক : অধ্যাপক ড. এ কে ওবায়দুল হক) এবং ডুমুরভিত্তিক ডায়াবেটিস প্রতিরোধক ট্যাবলেট ও কুকিজ (উপস্থাপক : অধ্যাপক ড. রোকেয়া বেগম)।
পাটের বহুমুখী ব্যবহার : পাটের তন্তু দিয়ে উন্নত প্রযুক্তি সামগ্রী তৈরি ও বাণিজ্যিকীকরণ (উপস্থাপক : অধ্যাপক ড. মো: মাহবুবুল বাশার)।
মানসিক স্বাস্থ্য বিশ্লেষণ : মেশিন লার্নিং ব্যবহার করে শিক্ষার্থীদের মনোযোগভিত্তিক মানসিক স্বাস্থ্য সমীক্ষা (উপস্থাপক : অধ্যাপক আবীর হোসেন)।
আধুনিক যোগাযোগ প্রযুক্তি : স্মার্টফোন-সহায়িত ডিস্ট্রিবিউটেড নোডভিত্তিক অফলাইন নেটওয়ার্ক (উপস্থাপক : সহকারী অধ্যাপক আরিফুল আলম)।
স্টল পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর উদ্ভাবকদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, দেশের সুবিধার্থে তরুণ উদ্ভাবকদের আরো বাস্তবসম্মত গবেষণা চালিয়ে যেতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।



