হিন্দুস্তান টাইমস
ভারতের কেন্দ্রীয় সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে আবারো রাজপথে নামার আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। রোববার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, গত জুলাই মাসে দিল্লির যন্তর মন্তরে টানা বিক্ষোভ কর্মসূচির পর মোদি সরকার যুবসমাজকে যে অঙ্গীকার করেছিল, তা অবিলম্বে পালন করতে হবে। অন্যথায় ফের বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করবে তারা।
অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন দলটি জানায়, সরকার যদি নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে আসে বা কোনো প্রকার অবহেলা দেখায়, তবে তাকে ‘দেশের যুবসমাজের প্রতি বিশ্বাসঘাতকতা’ হিসেবে গণ্য করা হবে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে সিজেপি নেতারা বলেন, আন্দোলন বন্ধের বিনিময়ে দেয়া প্রতিশ্রুতি পূরণ না করে কেন্দ্র মূলত তরুণ সমাজকে অপমান করছে, যা কোনোভাবেই মেনে নেয়া হবে না। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়েও সরকারি পদক্ষেপে গড়িমসির অভিযোগ তোলেন তারা। আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও সরকার এ-সংক্রান্ত তালিকা প্রকাশে ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয়।
পাশাপাশি, সমন্বিত মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নফাঁস বিতর্কের কারণে যেসব পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছেন, তাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা প্রদানে কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করা হয়। ইতঃপূর্বে নিট কেলেঙ্কারির দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে প্রায় এক মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করেছিল সিজেপি। গত ২৫ জুলাই ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তৎকালীন আন্দোলন স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সন্তুক পিম্পরি গ্রামে দীপকের নিজস্ব গ্রাম থেকে ‘স্কুল ঠিক করো’ শীর্ষক নতুন কর্মসূচি শুরু করে সিজেপি। গ্রাম্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্য নিয়ে শুরু করা এই অভিযানের পর লাতুরের একটি স্কুলে অনধিকার প্রবেশের অভিযোগে দীপকের বিরুদ্ধে মামলা করে স্থানীয় প্রশাসন। বিদ্যমান পরিস্থিতিতে সিজেপি দেশবাসী ও তরুণ সমাজকে সম্ভাব্য রাজপথের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। নেতাদের সাফ কথা, প্রতিশ্রুতি অনুযায়ী সব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম থামবে না।



