হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে কলেজপর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল হক।
গত সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।
জানা গেছে, ইউনিয়ন পর্যায় থেকে বাছাই হয়ে আসা প্রার্থীদের মধ্য থেকে গঠিত কমিটি সাক্ষাৎকারের মাধ্যমে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করে। একাডেমিক ফলাফল, পাঠদানে দক্ষতা, গবেষণা, প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞানের প্রয়োগসহ বিভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে মাহফুজুল হক এ স্বীকৃতি অর্জন করেন।
মাহফুজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে প্রভাষক হিসেবে যোগ দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিক্ষকতা করছেন। ২০২৪ সালের মার্চে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডেও যুক্ত।
প্রতিক্রিয়ায় মাহফুজুল হক বলেন, এই স্বীকৃতি তার দায়িত্ব ও কর্মস্পৃহা আরো বাড়াবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি আরো আন্তরিকভাবে কাজ করার প্রেরণা পাবেন।



