নীলফামারী প্রতিনিধি
অব্যাহত ঘন কুয়াশায় নীলফামারীর বোরো বীজতলায় কোল্ড ইনজুরি রোগ দেখা দিয়েছে। অনেক এলাকায় আবার বীজতলা সাদা ফেকাসে রং ধারণ করায় বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
কৃষি বিভাগ সূত্রমতে, এ বছর জেলায় ৮১ হাজার ৮৫৯ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এ জন্য বোরো ধানের বীজ লাগানো হয়েছে তিন হাজার ৭৫৫ হেক্টর জমিতে। আর কয়েকদিন পরে শুরু হবে বোরো চাষাবাদ। কিন্তু গত কয়েকদিনের ঘন কুয়াশা আর তীব্র শীতের কবলে পড়ে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
অনেক এলাকায় বীজ থেকে সামান্য চারা বের হলেও কুয়াশার কারণে বেড়ে উঠতে পারছে না। এতোদিনে যেখানে বোরো বীজ বেড়ে ওঠার কথা সেখানে এখনও মাটির সাথে লেগে আছে।
সদর উপজেলার টুপামারী ইউনিয়নের পুরাতন স্টেশন এলাকার মাহির উদ্দীন, মজিদুল ইসলাম, আশরাফ আলী রামনগর ইউনিয়নের বাহালিপাড়া গ্রামের গোলাম মোস্তফা, আবদুস ছালামসহ অনেক কৃষক জানায়, কুয়াশার কারণে তাদের চারা গজায়নি, যেটুকু চারা বেরিয়েছে তাও আবার কুয়াশার কারণে মরে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মনজুর রহমান জানায়, বীজতলার যাতে ক্ষতি না হয় সে জন্য বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শসহ বিভিন্ন প্রচারাভিযান চালানো হচ্ছে।



