সানজিদা হত্যা রহস্য উদঘাটন
পাঁচ মাস ২০ দিন তদন্তের পর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আলোচিত সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে আদালতের অনুমতি নিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার দায় স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো বঁটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ১৩ জানুয়ারি ২০২৬ মধ্য রাতে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের বাসিন্দা ওয়াহিদুল হকের বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে। এ সময় ঘুমন্ত অবস্থায় তার মেয়ে সানজিদার ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে বিরামপুর উপজেলার ক্যাটরা গ্রামের বাসিন্দা হবিবর রহমানের ছেলে গোলাম মোর্শেদকে (২৫) শনাক্ত করা হয়। নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
কুমিল্লায় সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত
কুমিল্লায় ফুটবল সমর্থনকে কেন্দ্র করে সংঘর্ষে মো: শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা মহানগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলা কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু নামে দুই ব্যক্তি শরিফুল ইসলামকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুমিল্লা প্রতিনিধি।
সাটুরিয়ায় বিনামূল্যে বীজ বিতরণ
বিনামূল্যে উচ্চফলনশীল সবজি বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার হাতে পেয়ে উচ্ছ্বসিত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্রান্তিক কৃষকরা। খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন সচল রাখতে ও প্রাকৃতিক ক্ষতি পুষিয়ে নিতে উপজেলার এক হাজার ৫০০ জন ক্ষুদ্র ও দুস্থ কৃষকের মাঝে এই বিশেষ প্রণোদনা সামগ্রী বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা: তানিয়া তাবাসসুম। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকদেরকে এক বিঘা জমিতে চাষের জন্য লাউ, মিষ্টিকুমড়া, শসা, বেগুনসহ বিভিন্ন পুষ্টিকর সবজির বীজ এবং ৩০ কেজি (১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি) রাসায়নিক সার দেয়া হয়েছে। এ বিষয়ে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম আশাবাদ ব্যক্ত করে বলেন, আধুনিক প্রযুক্তি ও এই সরকারি সহায়তার সঠিক ব্যবহারের মাধ্যমে এ উপজেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি।
টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ থানাধীন মহেশখালিয়া পাড়া থেকে গত মঙ্গলবার সকালে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গুলি, ৩৭ রাউন্ড এমটি কার্টিজ (ফাঁকা কার্তুজ) ও ২৫ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। এ সময় সন্ত্রাসীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি।



